আফগানদের জয়ে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
টানা দুই হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আফগানিস্তান। আজমতউল্লাহ ওমরজাইয়ের ঝড়ো ব্যাটিংয়ে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে রশিদ খানের দল।
আফগানদের এই জয়ের ফলে কপাল খুলেছে দক্ষিণ আফ্রিকার। ‘ডি’ গ্রুপ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করল প্রোটিয়ারা।
গ্রুপ ‘ডি’-তে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। আরব আমিরাত হেরে যাওয়ায় এখন নিউজিল্যান্ড ছাড়া আর কোনো দলেরই ৬ পয়েন্ট পাওয়ার সুযোগ নেই। ফলে নিজেদের শেষ ম্যাচে হারলেও দক্ষিণ আফ্রিকার সুপার এইটে যাওয়া নিয়ে আর কোনো বাধা থাকল না।
বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। আর ২ পয়েন্ট নিয়ে আফগানিস্তান ও আরব আমিরাত রয়েছে তিন ও চার নম্বরে।
আজ সোমবার দিল্লিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে সংযুক্ত আরব আমিরাত। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬০ রানের লড়াকু পুঁজি সংগ্রহ করে তারা। দলের পক্ষে সোয়াইব খান সর্বোচ্চ ৬৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। এছাড়া আলিশান শারাফু করেন ৪০ রান।
১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই সাবধানী ছিল আফগানিস্তান। ওপেনার ইব্রাহিম জাদরান ৫৩ রানের দায়িত্বশীল ইনিংস খেলে জয়ের ভিত্তি গড়ে দেন। মাঝে ডারউইস রাসুলি ৩৩ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে দল।
তবে শেষ দিকে আজমতউল্লাহ ওমরজাই ঝড় তোলেন। মাত্র ২১ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলে ৪ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
এই জয়ে সুপার এইটের দৌড়ে টিকে থাকল আফগানিস্তান। এখন তাদের পরবর্তী ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

স্পোর্টস ডেস্ক