কানাডাকে উড়িয়ে সুপার এইটে নিউজিল্যান্ড
রেকর্ড গড়া সেঞ্চুরিতে কানাডাকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দিলেন যুবরাজ সিং সামরা। কিন্তু তার সেই সেঞ্চুরিকে ম্লান করেন দিল গ্লেন ফিলিপসের ঝড়। রাচিন রবীন্দ্রও খেললেন দায়িত্বশীল ইনিংস। এতে কানাডাকে উড়িয়ে সুপার এইটে জায়গা করে নিলো নিউজিল্যান্ড।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৩ রান করে কানাডা। জবাব দিতে নেমে ১৫.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
এতে কানাডাকে ৮ উইকেটে হারিয়ে ষষ্ঠ দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করল কিউইরা। ‘ডি’ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গী হয়ে পরের রাউন্ডে পা রাখল ব্ল্যাক ক্যাপসরা।
টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে দলের পক্ষে ওপেনার যুবরাজ সিং সামরা খেলেন ১১০ রানের এক অনবদ্য ইনিংস। মাত্র ১৯ বছর ১৪১ দিন বয়সে এই সেঞ্চুরি করে তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ানের বিশ্বরেকর্ড গড়েন। তাঁর ৬৫ বলের ইনিংসে ছিল ১১টি চার ও ৬টি ছক্কা।
ওপেনিং জুটিতে অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার (৩৬) সঙ্গে ১১৬ রানের বিশাল জুটি গড়েন যুবরাজ। অবশ্য তিনি ছাড়া আর কেউ সেভাবে দলের হাল ধরতে পারেননি। আর শেষ দিকে নিউজিল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় স্কোর গড়তে পারেনি কানাডা।
১৭৪ রানের জবাবে খেলতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছিল নিউজিল্যান্ড। দলীয় ৩০ রানের মধ্যে দুই ওপেনার টিম সেইফার্ট (৬) ও ফিন অ্যালেনকে (২১) হারায় তারা। তবে এরপরই শুরু হয় রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপসের তাণ্ডব। এই জুটি মাত্র ৭৩ বলে ১৪৬ রানের অবিচ্ছিন্ন পার্টনারশিপ গড়ে দলের জয় নিশ্চিত করেন।
মাত্র ২২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ৩৬ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন ফিলিপস। তাঁর ইনিংসে ছিল ৪টি চার ও ৬টি ছক্কা। আর ৩৯ বলে ৫৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন রবীন্দ্র। ৪টি চার ও ৩টি ছক্কায় সাজানো ছিল তাঁর এই অপরাজিত ইনিংস। ১৫.১ ওভারেই জয় পেয়ে যায় নিউজিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক