ভিনিসিয়াসের গোলে জয় নিয়ে ফিরল রিয়াল মাদ্রিদ
মাঠে দুই দলের উত্তেজনার কোনো কমতি থাকল না। দেখা গেলো বিতর্কিত ঘটনাও। সাইডলাইনেও কোচ ও খেলোয়াড়দের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হলো। এতে খানিকক্ষণ বন্ধ থাকল খেলাও। তবে সবকিছু ছাড়িয়ে মনযোগ ধরে রেখে ভিনিয়াস জুনিয়রের দুর্দান্ত গোলে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়েই ফিরেছে রিয়াল মাদ্রিদ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের প্রথম লেগে বেনফিকার মাঠে তাদের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদিদ্র।
ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ আক্রমণে আধিপত্য দেখালেও ফিনিশিংয়ে ভুগছিল। ১৯ মিনিটে ভিনিসিয়াস সহজ সুযোগ মিস করেন। বিরতির ঠিক আগে কিলিয়ান এমবাপ্পে গোল করার তিনটি দারুণ সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি।
খেলার বিপরীতে গিয়ে উল্টো ২৪ মিনিটে গিয়ে গোল হজম করতে বসেছিল রিয়াল। তবে দুর্দান্ত এক সেভ করে এক যাত্রায় জাল অক্ষত রাখেন গোলরক্ষক থিবো কোর্তোয়া।
বিরতির পর ৫০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। এমবাপ্পের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাঁ দিক দিয়ে জোরালো শটে জাল কাঁপান ভিনিসিয়াস জুনিয়র। এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা (৩১ গোল) হলেন তিনি, ছাড়িয়ে গেলেন কিংবদন্তি কাকা-কে।
গোলের পর ভিনিসিয়াসের উদযাপন এবং বেনফিকা খেলোয়াড়দের সঙ্গে বাদানুবাদে ম্যাচ প্রায় ১০ মিনিট বন্ধ থাকে। পরিস্থিতি সামলাতে রেফারিকে হিমশিম খেতে হয়। সাইডলাইনে বেনফিকা কোচ জোসে মরিনিয়োও মেজাজ হারান। ম্যাচের শেষ দিকে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে মুহূর্তের ব্যবধানে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই অভিজ্ঞ কোচকে।
শেষ দিকে সমতা ফেরাতে বেনফিকা বেশ কিছু চেষ্টা চালালেও কোর্তোয়াকে ফাঁকি দিতে পারেনি। ১২ মিনিট যোগ করা সময় পেয়েও জালের দেখা পায়নি স্বাগতিকরা। ফলে ১-০ গোলের স্বস্তিদায়ক জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
আগামী বুধবার রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে ড্র করলেই শেষ ১৬ নিশ্চিত হবে স্প্যানিশ জায়ান্টদের।

স্পোর্টস ডেস্ক