কিউবা মিচেল আবার ফিরলেন ইংলিশ ফুটবলে
ইংল্যান্ডে ফিরে নিজের নতুন গন্তব্য খুঁজে নিলেন কিউবা মিচেল। সান্ডারল্যান্ড ছেড়ে অনেক আশা নিয়ে বাংলাদেশে এলেও সেই যাত্রা সুখকর হয়নি। বেতন বকেয়া থাকার অভিযোগে বসুন্ধরা কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবার ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব গ্লস্টার সিটি এফসিতে যোগ দিয়েছেন এই তরুণ মিডফিল্ডার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ক্লাবের জার্সি হাতে ছবি পোস্ট করে কিউবা লিখেছেন, তিনি নতুন দলের হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছেন।
জ্যামাইকান বাবা ও বাংলাদেশি মায়ের সন্তান কিউবা মিচেল গত বছরের জুলাইয়ে তিন বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন দেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসে। সান্ডারল্যান্ডের যুব দল থেকে আসায় তাঁকে নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। কিন্তু বকেয়া পারিশ্রমিক নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয়।
গত ৩ জানুয়ারি কিংসের সঙ্গে চুক্তি বাতিল করে তিনি ইংল্যান্ডে ফিরে যান। এরপর প্রায় দুই মাস ক্লাবহীন থাকার পর গ্লস্টারের সঙ্গে নতুন করে পথচলা শুরু করলেন তিনি।
গত নভেম্বরে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সি গায়ে তোলেন কিউবা মিচেল। জাতীয় স্টেডিয়ামে সেই ম্যাচে তিনি হামজা চৌধুরীর বদলি হিসেবে শেষ ১০ মিনিট খেলার সুযোগ পেয়েছিলেন। এছাড়া ভারতের বিপক্ষে বাংলাদেশের ২২ বছর পর ঐতিহাসিক জয়েও দলের সদস্য ছিলেন এই ২০ বছর বয়সী ফুটবলার।
গ্লস্টার সিটি এফসিতে যোগ দিয়ে কিউবা মিচেল নিজের খেলার ধরন সম্পর্কে বলেন, আমি মূলত সেন্ট্রাল মিডফিল্ডে খেলি। নিজেকে একজন সৃজনশীল খেলোয়াড় হিসেবে ভাবতেই পছন্দ করি, যে বল পায়ে রাখতে ভালোবাসে। তবে দলের প্রয়োজনে রক্ষণ সামলাতেও আমি প্রস্তুত। গ্লস্টারের হয়ে মাঠে নামার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।
অন্যদিকে গ্লস্টার ম্যানেজার ডাফ উইলিয়ামস কিউবাকে দলে পেয়ে বেশ আনন্দিত। তিনি বলেন, কিউবা একজন উদ্যমী ও দক্ষ ফুটবলার। মাঝমাঠে সে বিভিন্ন ভূমিকা পালন করতে পারে। মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে তাকে দলে পাওয়া আমাদের জন্য বড় শক্তি।

স্পোর্টস ডেস্ক