উইন্ডিজকে কাঁদিয়ে সেমিফাইনালে ভারত
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল না থাকলেও অলিখিত ‘কোয়ার্টার ফাইনালে’ মুখোমুখি হয়েছিল ভারত আর ওয়েস্ট ইন্ডিজ। দুই দলের জন্যই সমীকরণটা ছিল খুব সোজা-- জয়ের কোনো বিকল্প নেই। শুরু থেকে শেষ-- দুর্দান্ত ব্যাটিংয়ে সেই সমীকরণ মেলান সান্জু স্যামসন। ঘরের মাঠের নীল সমুদ্রের গ্যালারিকে উচ্ছ্বাসে ভাসিয়ে দলকে তোলেন সেমিফাইনালে।
আজ রোববার (১ মার্চ) প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ৪ বল বাকি থাকতেই ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
বড় রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ২৯ রানের মাথায় বিদায় নেন ওপেনার অভিষেক শর্মা (১১ বলে ১০)। তিন নম্বরে নামা ইশান কিষাণও দায়িত্ব নিতে পারেননি। ৬ বলে ১০ রান করে দলীয় ৪১ রানের মাথায় বিদায় নেন তিনি।
এরপর ওপেনার সান্জু স্যামসনকে সঙ্গ দিতে আসেন অধিনায়ক সূর্যকুমার যাদব। দেখেশুনে শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি তিনি। ফিরেছেন ১৬ বলে ১৮ রান করে। তিলক ভার্মাও ফিরেছেন ১৫ বলে ২৭ রান করে ঝড় তোলার আভাস দিয়ে।
বাকিরা ইনিংস বড় করতে না পারলেও ভারতের আশার প্রদীপ হয়ে থাকেন স্যামসন। ইনিংসের পুরো সময়টা জুড়ে আগ্রাসী ব্যাটিং করে যান তিনি। হাফসেঞ্চুরি করে ছুটছিলেন সেঞ্চুরির দিকে। সেটি না পেলেও ফিরেছেন দলকে জিতিয়ে সেমিফাইনালে তুলে। অপরাজিত ছিলেন ৫০ বলে ৯৭ রানে। শিভাম দুবে অপরাজিত থাকেন ৪ বলে ৮ রানে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে যৌথভাবে সর্বোচ্চ দুটি করে উইকেট শিকার করেন সামার জোসেফ আর জেসন হোল্ডার। একটি উইকেট পান আকিল হোসেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ আর রোস্টন চেজ। নির্বিঘ্নে পাওয়ার-প্লে কাটিয়ে দিয়ে গড়েছিলেন ৬৮ রানের জুটি। তবে একপ্রান্তে চেজ আগ্রাসী ব্যাটিং করলেও হোপ ছিলেন ধীরগতির। দেখেশুনে খেলার চেষ্টায়ও ইনিংস বড় করতে পারেননি তিনি। ৩৩ বলে ৩২ রান করে হোপ ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি।
তিন নম্বরে নেমে ঝড়ো ব্যাটিং করছিলেন শিমরন হেটমায়ার। তবে ইনিংস বড় করতে পারেননি তিনিও। এক চার আর ২ ছক্কায় ১২ বলে ২৭ রান করে ফেরেন তিনি। এরপর বিদায় নেন চেজও। ২৫ বলে ৪০ রান করে ফেরেন তিনি। চারে নামা শেরফান রাদাফোর্ড অবশ্য ছিলেন ব্যর্থ (৯ বলে ১৪)।
শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে দুইশর কাছাকাছি পুঁজি এনে দেন রোভম্যান পাওয়েল আর জেসন হোল্ডার। পঞ্চম উইকেটে মাত্র ৩৫ বলে ৭৬ রানের অপরাজিত জুটি গড়েন এই দুজন। ১৯ বলে ৩৪ রানে পাওয়েল আর ২২ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন হোল্ডার।
ভারতের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন জাসপ্রিত বুমরাহ। একটি করে উইকেট যায় বরুণ চক্রবর্তী আর হার্দিক পান্ডিয়ার ঝুলিতে।

স্পোর্টস ডেস্ক