বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ ব্রাজিল শিবিরে
বিশ্বকাপের আর ১০০ দিনও বাকি নেই। শুরু হয়েছে ক্ষণগণনা। এমন সময়েই কি না দুঃসংবাদ পেল ব্রাজিল। আসন্ন বিশ্বকাপে দলের অন্যতম ভরসা হতে পারতেন রদ্রিগো। তবে, ২৫ বছর বয়সী এই উইঙ্গারকে বিশ্বকাপের দলে পাচ্ছেন না ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। চোটে পড়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে রদ্রিগোর।
ডান হাঁটুর মেনিসকাস ও এসিএল ইনজুরিতে রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমের বাকিটা সময় আর খেলা হচ্ছে না ব্রাজিলিয়ান তারকার। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, আগামী অন্তত আট মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন রদ্রিগো। তাকে পর্যবেক্ষণে রাখা হবে। সুস্থতার ওপর নির্ভর করছে মাঠে ফেরা।
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর রদ্রিগোর ডান হাঁটুর লিগামেন্টের গুরুতর চোট ধরা পড়েছে। তার ডান পায়ের মেনিসকাসও ক্ষতিগ্রস্থ হয়েছে।
বিশ্বকাপ স্বপ্ন শেষ। ক্লাবের হয়ে খেলা হচ্ছে না মৌসুমের বাকি সময়। রদ্রিগো স্বভাবতই হতাশ্ তবু, নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এমনটিই জানিয়েছেন এই তারকা।
রদ্রিগো লিখেছেন— ‘আমার জীবনে, আমার ক্যারিয়ারে একটি বিশাল বাঁধা এসে দাঁড়িয়েছে। আমি এই (চোটের) ভয়টিই পাচ্ছিলাম। এটি আমাকে কিছু সময়ের জন্য আমার সবচেয়ে প্রিয় কাজটি করতে দিচ্ছে না। আমি আমার ক্লাবের হয়ে মৌসুমের বাকি সময় খেলতে পারব না এবং আমার দেশের হয়ে বিশ্বকাপেও খেলতে পারব না। বিশ্বকাপ একটি স্বপ্ন, যার গুরুত্ব আমার কাছে কতটা, তা সবাই জানে। এখন আমার একটাই কাজ, সবসময়ের মতো শক্ত থাকা।’

স্পোর্টস ডেস্ক