টি-টোয়েন্টি বিশ্বকাপ
ফাইনালের আগে ভারত শিবিরে অন্য ভয়
একপেশে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। পরে রান বন্যার ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় ভারত। রোববার (৮ মার্চ) ভারতের নরেন্দ্রমোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।
নিজে দেশে ফাইনাল হওয়ায় স্বাভাবিকভাবেই বিশ্লেষকরা এগিয়ে রাখছেন ভারতকে। বিশেষ করে, মাঠে প্রচুর সংখ্যক ভারতীয় দর্শকদের যে চাপ সেটি নিশ্চিতভাবেই ভারতকে শক্তি যোগাবে। তবে, অন্য একটি ভয়ও আছে স্বাগতিকদের জন্য।
পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার দেখা হয়েছে ভারত আর নিউজিল্যান্ডের। যেখানে সবগুলো ম্যাচ জিতে শতভাগ জয়ের রেকর্ড কিউইদের। প্রথমবার ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে গ্রুপপর্বে কিউইরা জিতেছিল ১০ রানে।
দ্বিতীয়বার ২০১৬ সালে ভারতের মাটিতেই ভারতকে হারিয়েছিল ৪৭ রানে। সুপার টেন রাউন্ডে ১২৭ রান তাড়া করতে নেমে ভারত গুটিয়ে গিয়েছিল মোটে ৭৯ রানে। শেষবার ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে সুপার টুয়েলভের ম্যাচে হারিয়েছিল ৮ উইকেটে।
এর বাইরে পরিসংখ্যান আছে আরও একটি। এখন পর্যন্ত দুটি আইসিসি ইভেন্টের ট্রফি জিতেছে নিউজিল্যান্ড। আর সেই দুইবারই প্রতিপক্ষ ছিল ভারত। ২০০০ সালে নকআউট ট্রফি (বর্তমানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি) এবং ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয় পায় কিউইরা।
তবে সর্বশেষ ২০২৫ সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও মুখোমুখি হয়েছিল ভারত আর নিউজিল্যান্ড। তবে ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে জিতেছে রোহিত শর্মার দল। সেই স্মৃতিই আবার ফেরাতে চাইবে সূর্যকুমার যাদবের দল।

স্পোর্টস ডেস্ক