টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করবে ভারত, যেমন হলো একাদশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফাইনালে মুখোমুখি ভারত আর নিউজিল্যন্ড। কিউইদের লক্ষ্য প্রথম শিরোপা আর ভারতের লক্ষ্য সর্বোচ্চ এককভাবে সর্বোচ্চ তিনটি শিরোপা জয়। এমন ম্যাচে টস হেরে ব্যাটিং করবে ভারত।
আজ রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্রমোদী স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার।
মিচেল স্যান্টনার বলেন, ‘উইকেট দেখে বেশ ভালোই মনে হচ্ছে। আমরা দেখব এটা থেকে বোলাররা কোনো সাহায্য পায় কিনা। চেষ্টা করব ওদের এমন একটা স্কোরের মধ্যে আটকে রাখতে যা তাড়া করা সম্ভব। ছেলেরা সবাই ছন্দে আছে। এটিই সবচেয়ে বড় মঞ্চ এবং প্রত্যেকে প্রস্তুত।’
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘আমরা আগে ব্যাটিং করতে পেরে খুশি, কারণ ইদানিং আমরা এই কাজটা বেশ ভালোই করছি। সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচে স্কোরবোর্ডে রান থাকাটা সবসময়ই সুবিধাজনক। ওসব (পুরানো জয়) এখন ইতিহাস, এটা নতুন বিশ্বকাপ এবং আমরা এটা নিয়ে বেশ রোমাঞ্চিত। টসের সময়ই গ্যালারি পুরো ভর্তি মনে হচ্ছে, আশা করি আমরা দর্শকদের একটি ভালো খেলা উপহার দিতে পারব।’
নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে থেকেই ফাইনালে মাঠে নামবে ভারত। পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০ বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এর মধ্যে ভারতের জয় ১৬টি ম্যাচে। বিপরীতে, নিউজিল্যান্ড জিতেছে ১১টি ম্যাচ। বাকি তিনটি ম্যাচ টাই হয়। টাই হওয়া ম্যাচের মধ্যে দুটিতে সুপার ওভারে জয় পায় ভারত। অন্যটি বৃষ্টি আইনে রান সমান হওয়ায় টাই হয়।
তবে একটি পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার দেখা হয়েছে দুই দলের। যেখানে সবগুলো ম্যাচ জিতে শতভাগ জয়ের রেকর্ড কিউইদের।
এর আগে প্রথম সেমিফাইনালে একপেশে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে রান বন্যার ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় ভারত।
ভারতের একাদশ
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সান্জু স্যামসন, ইশান কিষাণ, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, অক্ষর প্যাটেল, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদ্বীপ সিং।
নিউজিল্যান্ডের একাদশ
মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম শেইফার্ট, ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, গ্লেন ফ্লিপস, মার্ক চাপম্যান, ড্যারিয়েল মিচেল, জেমি নিশাম, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন।

স্পোর্টস ডেস্ক