টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সেরা খেলোয়াড় যারা
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায়ের সুর বেজেছিল ভারত শিবিরে। সেখানে থেকে ঘুরে দাঁড়িয়ে এবার শিরোপা ঘরে তুলল তারা। রোববার (৮ মার্চ) বিশ্বকাপের দশম আসরের ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে শিরোপা জিতেছে ভারত।
সুপার এইটের শেষ ম্যাচ (ডু অর ডাই), সেমিফাইনাল এরপর ফাইনাল– তিন ম্যাচেই রানের পাহাড় দাঁড় করিয়েছিল ভারত। এর পেছনের কৃতিত্ব অবশ্য দলটির ওপেনার সান্জু স্যামসনের। শেষ তিন ম্যাচেই ব্যাট হাতে জ্বলে ওঠেছেন তিনি। ফাইনালেও খেলেছেন ৪৬ বলে ৮৯ রানের ইনিংস। সবমিলিয়ে ৫ ম্যাচে তার রান ৩২১।
দলের গুরুত্বপূর্ণ সময়ে এমন পারফরম্যান্সের পুরষ্কারটাও পেলেন ভারতীয় এই ওপেনার। দলকে ফাইনালে তোলা এবং শিরোপা জয়ে অবদান রাখায় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্যামসন।
অন্যদিকে, ফাইনালে নিউজিল্যান্ডের ব্যাটারদের অলআউট করায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন জাসপ্রিত বুমরাহ। বলহাতে যেমন ছিলেন সবচেয়ে কিপ্টে বোলার, তেমনি উইকেটও শিকার করেছেন সবচেয়ে বেশি।
রানবন্যার ম্যাচে ৪ ওভার বল করে দিয়েছেন মোটে ১৫ রান। শিকার করেছেন ৪ উইকেট। ভারতকে শিরোপা জেতাতে এমন পারফরম্যান্সের পুরষ্কার হিসেবে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

স্পোর্টস ডেস্ক