ব্রাজিলের প্রাথমিক দলে ফিরেও কপাল পুড়তে পারে নেইমারের
আগামী জুন মাসে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের জন্য ঘোষিত সেলেসাওদের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। তবে কপাল মন্দ তার, দলে ফিরলেও চোটের কারণে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছেন এই ফরোয়ার্ড।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ ও ‘ইউওএল’ জানিয়েছে, মাংসপেশির নতুন চোটের কারণে সান্তোসের হয়ে আগামী ম্যাচে মাঠে নামা হচ্ছে না নেইমারের। আর এই অনুপস্থিতিই তার জাতীয় দলে ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি আগেই জানিয়ে দিয়েছেন, শতভাগ ফিট না হলে কোনো খেলোয়াড়কে তিনি জাতীয় দলের জন্য বিবেচনা করবেন না।
ও গ্লোবো জানিয়েছে, আগামীকাল ভোরে মিরাসলের বিপক্ষে সান্তোসের ম্যাচটি গ্যালারিতে বসে দেখার কথা রয়েছে আনচেলত্তির। মূলত নেইমারের ফিটনেস স্বচক্ষে পরখ করতেই তিনি স্টেডিয়ামে যাচ্ছিলেন। কিন্তু চোটের কারণে নেইমার সেই ম্যাচে না খেলায় কোচ তাকে দেখার সুযোগ পাচ্ছেন না।
আগামী সোমবার প্রীতি ম্যাচের চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। তার আগে নেইমার কেবল রোববার করিন্থিয়ান্সের বিপক্ষে একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন। তবে সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন না আনচেলত্তি, থাকবেন তার সহকারীরা।
গত ফেব্রুয়ারিতে ভাস্কো দা গামার বিপক্ষে জোড়া গোল করে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। কিন্তু এরপরই আবার চোটের কবলে পড়ায় তার বিশ্বকাপ প্রস্তুতি বড় ধাক্কা খেলো। গত এক সপ্তাহ ধরে তিনি মাঠের অনুশীলনেও ফিরতে পারেননি, সময় কাটিয়েছেন জিমেই।
২৬ মার্চ ফ্রান্স এবং পহেলা এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচের পরই মে মাসে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন কোচ আনচেলত্তি।

স্পোর্টস ডেস্ক