বিতর্কিত সেই রান আউট নিয়ে যা বললেন বাংলাদেশের পাকিস্তানি কোচ
প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে মুদ্রার উল্টো পিঠ দেখেছে বাংলাদেশ। ১২৮ রানের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। তবে মাঠের হার ছাপিয়ে এখন আলোচনার তুঙ্গে পাকিস্তান অধিনায়ক সালমান আগার সেই বিতর্কিত রান আউট। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের করা সেই রান আউট নিয়ে সংবাদ সম্মেলনে মুখ খুলেছেন টাইগারদের পাকিস্তানি স্পিন কোচ মুশতাক আহমেদ।
ঘটনাটি ইনিংসের ৩৯তম ওভারের। মিরাজের চতুর্থ বলটি মোহাম্মদ রিজওয়ান রক্ষণাত্মক ভঙ্গিতে খেললে বল সরাসরি মিরাজের দিকেই যাচ্ছিল। নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা সালমান আগা বেশ খানিকটা এগিয়ে এসেছিলেন। বলটি মিরাজের পায়ে লাগলে সালমান ভেবেছিলেন সেটি কুড়িয়ে মিরাজের হাতে তুলে দেবেন।
কিন্তু বলটি ‘ডেড’ হওয়ার আগেই মিরাজ ক্ষিপ্রতার সঙ্গে বল কুড়িয়ে স্ট্যাম্প ভেঙে দেন। এরপর মিরাজ আবেদন করেন রান আউটের। পরে থার্ড আম্পায়ার রিপ্লে দেখে আউটের সিদ্ধান্ত দিলে মেজাজ হারিয়ে মাঠ ছাড়েন পাকিস্তান অধিনায়ক।
বাংলাদেশ দলের পাকিস্তানি কোচ মুশতাক আহমেদ মিরাজের এই কাজে কোনো ভুল দেখছেন না। তিনি বলেন, ‘পুরো ঘটনাটি এত দ্রুত ঘটেছে যে আমরাও শুরুতে বুঝতে পারিনি কী হলো। সালমান আগা সরল মনে মিরাজকে বলটি তুলে দিয়ে সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু তিনি খেয়াল করেননি যে, তিনি ক্রিজের অনেক বাইরে ছিলেন।’
মুশতাক আরও যোগ করেন, ‘মিরাজ তখন পুরোপুরি খেলার মধ্যে ডুবে ছিল। সে দেখেছে ব্যাটার ক্রিজের বাইরে, তাই সে রান আউটের চেষ্টা করেছে। ক্রিকেটের নিয়ম অনুযায়ী বল তখনো ‘লাইভ’ ছিল। তাই মিরাজ যা করেছে, তা একদম সঠিক ছিল।’
কোচ মুশতাকের মতে, এখানে কারও উদ্দেশ্য খারাপ ছিল না। তিনি বলেন, ‘সালমান ভেবেছিলেন বলটি হয়তো ডেড হয়ে গেছে, তাই তিনি সাহায্য করতে চেয়েছিলেন। অন্যদিকে মিরাজ একজন লড়াকু ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েই স্ট্যাম্প ভেঙে দিয়েছে। সালমান ক্রিজের অনেক বাইরে থাকায় আউটটি নিয়মের মধ্যেই হয়েছে।’

স্পোর্টস ডেস্ক