হামজাকে নিয়ে সতর্ক ভিয়েতনাম
এশিয়ান কাপের বাছাইপর্বের শেষ ম্যাচে আগামী ৩১ মার্চ মাঠে নামবে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিতে বাংলাদেশ দল এখন ভিয়েতনামে। আগামীকাল ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
ম্যাচের আগে আজ বুধবার (২৫ মার্চ) অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। সেখানে ভিয়েতনামের কোচ কিম সাং-সিক কথা বলেন হামজার ব্যাপারে। হামজাকে নিয়ে কোনো ঝুঁকি নেবে না তারা।
ভিয়েতনাম কোচ বলেন, ‘আমি হামজার ব্যাপারে জানি। সে ইংল্যান্ডে খেলছে। আমরা তার ভিডিও বিশ্লেষণ করছি, যাতে তার শক্তির মোকাবিলা করার উপায় বের করা যায়। আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচ জেতা।’
ফিফা র্যাংকিংয়ে ভিয়েতনামের অবস্থান ১০৩ নম্বরে। বাংলাদেশ আছে ১৮১ নম্বরে। ৭৮ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনাম সব দিক থেকেই বাংলাদেশ ফুটবল দলের চেয়ে এগিয়ে। তবু জয়ের যে স্বপ্ন দেখছে বাংলাদেশ, তার অধিকাংশ জায়গাজুড়েই হামজা।
গত ২২ মার্চ ভিয়েতনাম পৌঁছানোর কথা ছিল হামজার। তবে, তার ক্লাব লেস্টার সিটির খেলা থাকায় যেতে পারেননি। ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইনসে রওনা হয়ে গতকাল ভিয়েতনাম সময় বিকেল চারটায় পৌঁছান সেখানে। অনুশীলন না করলেও এসেই মাঠে যান হামজা।

স্পোর্টস ডেস্ক