সাফজয়ী ফুটবলারদের বরণ করে নিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
দক্ষিণ এশিয়ার ফুটবলে এখন বাংলাদেশের জয়জয়কার। টানা দ্বিতীয়বার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা নিয়ে আজ দেশে ফিরেছেন ফুটবলাররা।
আজ শনিবার (৪ এপ্রিল) ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সন্ধ্যা সাতটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
চ্যাম্পিয়ন দলকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে ফুটবলারদের ফুল দিয়ে স্বাগত জানান তিনি। অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক মিঠু চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
এই সময় ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি বাফুফে ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীসহ আরও অনেকে ছিলেন।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের চ্যাম্পিয়ন হওয়ার ছবি দিয়ে ছাদখোলা বাস প্রস্তুত করা হয়েছে। বিমানবন্দর থেকে সেই বাস হাতিরঝিলের এম্ফিথিয়েটারে যাচ্ছে। সেখানে মিঠু-রোনানদের জন্য সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে। ইতোমধ্যে আলো ঝলমল ও রোনানদের ছবিতে প্রস্তুত হাতিরঝিল।

স্পোর্টস ডেস্ক