মিরপুরের পিচ নিয়ে যে তথ্য দিলেন বাংলাদেশ কোচ
নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলো হওয়ার কথা ছিল দিবারাত্রির। সরকারের নির্দেশনার পর পুরো সিরিজের সূচি পরিবর্তন করা হয়। দিবারাত্রির ওয়ানডে ম্যাচগুলো নিয়ে আসা হয় দিনের আলোয়। আগামী ১৭ এপ্রিল প্রথম ওয়ানডে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল ১১টায়।
মিরপুরের পিচ বরাবরই রহস্যময়। একেক সময় একেক আচরণ করে উইকেট। দিবারাত্রির ম্যাচ দিনের আলোয় সরিয়ে আনার পর পিচ নিয়ে ফের কৌতূহল তৈরি হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) সংবাদ সম্মেলনে পিচ কেমন হবে, সেই সম্পর্কে ধারণা দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।
সিমন্স বলেন, ‘দিনের আলোয় খেলা হলে পার্থক্য তৈরি হবে। উইকেট কিছুটা ধীরগতির হতে পারে। হয়তো একটু বেশি গ্রিপ করবে। আমরা সেভাবেই আমাদের প্রস্তুত করছি। যে সময়ে খেলা (সকাল), অনুশীলনগুলোও সেই সময়ে হচ্ছে।’
জাতীয় দলের নির্বাচক হাসিবুল হোসেন শান্তও ধারণা দিয়েছেন পিচ সম্পর্কে। তিনিও জানিয়েছেন, পিচ কিছুটা ধীরগতির হতে পারে। শান্ত মনে করেন, ঘরের মাঠে সুবিধা সব দেশই নেয়।
শান্ত বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, সব দেশই হোম অ্যাডভান্টেজ নিয়ে খেলে। বাংলাদেশও সেটি নিতে চাইবে। এটা (উইকেট) প্রধান নির্বাচক, কোচ, অধিনায়ক মিলে বসেছেন। আমার জানামতে একটু স্লো উইকেট হতে পারে। তবে, তারা চাচ্ছেন রানও যেন হয়।’

ক্রীড়া প্রতিবেদক