ইরান যুদ্ধের প্রভাব ফুটবলে, পিছিয়ে গেল এশিয়ান কাপের ড্র
মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে ফুটবল মাঠেও। উদ্ভূত পরিস্থিতির কারণে ২০২৭ এএফসি এশিয়ান কাপের ড্রয়ের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) এএফসি নতুন সূচি জানিয়েছে, এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা জানিয়েছে, আগামী ৯ মে সৌদি আরবের রিয়াদে এই ড্র অনুষ্ঠিত হবে।
এর আগে গত শনিবার (১১ এপ্রিল) এশিয়ান কাপের ড্র অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এই সংঘাতের কারণে তা স্থগিত করা হয়েছিল। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অস্থিরতায় এখন পর্যন্ত বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট বাতিল বা পিছিয়ে দেওয়া হয়েছে।
এএফসি জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষ এবং সদস্যদেশগুলোর পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে ড্র অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। এখন সেটি মে মাসের দ্বিতীয় সপ্তাহে দিরিয়াহর ঐতিহাসিক আত-তুরাইফ ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত হবে।
২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবে প্রথমবারের মতো ২৪ দলের এশিয়ান কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ড্র অনুষ্ঠানে দলগুলোকে চারটি করে মোট ছয়টি গ্রুপে ভাগ করা হবে।
এবারের আসরের জন্য ইতোমধ্যে ২৩টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাকি একটি দলের জন্য আগামী ৪ জুন লেবানন ও ইয়েমেনের মধ্যে প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচের বিজয়ীরাই ২৪তম দল হিসেবে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেবে।

স্পোর্টস ডেস্ক