বাংলাদেশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল নিউজিল্যান্ড
আধুনিক ক্রিকেটে ওয়ানডেতে আড়াইশ খুব একটা বড় রান না। কিন্তু, মিরপুরের এই পিচে এটিই চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জের সামনে পড়েছে বাংলাদেশ। পুরোপুরি আড়াইশ করতে না পারলেও প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড লড়াইয়ের পুঁজি দাঁড় করিয়েছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে কিউইদের সংগ্রহ ২৪৭ রান। জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ২৪৮ রান।
সকালের উইকেট কিছুটা ধীরগতির হতে পারে, সেই আভাস পাওয়া গিয়েছিল আগেই। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে হলোও তাই। গোটা ম্যাচেই তা অব্যাহত ছিল। বোলাররাও সুবিধা তুলে নেন।
সপ্তম ওভারে বাংলাদেশকে উইকেটের মুখ দেখান পেসার শরিফুল। ২৩ বলে ৭ রান করে শরিফুলের ডেলিভারিতে বোল্ড হন কিউই ওপেনার নিক কেলি। কেলির অফস্ট্যাম্প উড়িয়ে দেন বাংলাদেশি এই পেসার।
তিন নম্বরে নামা উইল ইয়ংকে তানজিদ হাসান তামিমের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান রিশাদ হোসেন। ২২তম ওভারে রিশাদের প্রথম বলে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে তানজিদের হাতে ক্যাচ তুলে দেন উইল ইয়াং। এবার তিনি মিস করেননি। ৪২ বলে ৩০ রান করে ফেরেন ইয়াং। ভাঙে ৭৩ রানের জুটি।
২৭তম ওভারে টম লাথামকে ফিরিয়ে নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটের পতন ঘটান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার নিচু হয়ে ভেতরে ঢোকা বল ব্যাকফুটে গিয়েও আটকাতে পারেননি লাথাম। বোল্ড হয়ে ফেরার আগে করেন ১৫ বলে ১৪ রান।
পরের ওভারে এসে নিজের দ্বিতীয় আর নিউজিল্যান্ডের চতুর্থ উইকেট তুলে নেন রিশাদ হোসেন। ইনিংসের সূচনা করতে নেমে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছিলেন হেনরি নিকোলস। হাফসেঞ্চুরিও তুলে নিয়েছিলেন তিনি। ২৮তম ওভারের পঞ্চম বলে রিশাদকে রিভার্স সুইপ খেলতে গিয়ে মাথার ওপর ক্যাচ তোলেন নিকোলস। সহজ ক্যাচ নেন উইকেটকিপার লিটন। ৯ চারে ৮৩ বলে ৬৮ রান করে ফেরেন নিকোলস।
এরপর দলের হাল ধরার চেষ্টায় ছিলেন ডেন ফক্সক্রফট আর মোহাম্মদ আব্বাস। ৪৭ বলে তাদের ৩৪ রানের জুটি ভাঙেন শরিফুল। উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩০ বলে ১৪ রান করেন আব্বাস।
বল হাতে ঝড় তোলেন আরেক পেসার তাসকিন আহমেদ। তার দুই শিকারের দুটিই বোল্ড। প্রথমে ফেরান জস ক্লার্কসনকে। ১৬ বলে ৮ করেন ক্লার্কসন। অষ্টম ব্যাটার হিসেবে ব্লেয়ার টিকনারকে বোল্ড করেন তাসকিন, টিকনার করেন ১০ বলে ৭ রান।
তাসকিনের দুই উইকেটের মাঝে ম্যাচে নিজের একমাত্র শিকার করেন নাহিদ রানা। ৫৮ বলে ৫৯ রান করে বিপজ্জনক হয়ে ওঠা ডিন ফক্সক্রফটকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন নাহিদ তার স্লো ইয়র্কারে পরাস্ত হন কিউই ব্যাটার।
বাংলাদেশের পক্ষে করে উইকেট নেন তাসকিন, শরিফুল ও রিশাদ। মিরাজ ও নাহিদ রানা নেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড : ৫০ ওভারে ২৪৭/৮ (নিকোলস ৬৮, কেলি ৭, ইয়াং ৩০, লাথাম ১৪, আব্বাস ১৪, ফক্সক্রফট ৫৯, ক্লার্কসন ৮, টিকনার ৭, স্মিথ ২১*, লিননক্স ১*; তাসকিন ১০-০-৫০-২, শরিফুল ১০-২-২৭-২, মিরাজ ১০-১-৫৪-১, নাহিদ ১০-০-৬৫-১, রিশাদ ১০-০-৪৪-২)

ক্রীড়া প্রতিবেদক