হারের পেছনে অজুহাত দিতে চান না সাইফ
সহজ ম্যাচ কঠিন করে হারাটা বাংলাদেশের জন্য নতুন কিছু নয়। মিরপুরে আজ শুক্রবার (১৭ এপ্রিল) আরও একবার অভিন্ন দৃশ্যের মঞ্চায়ন হলো। ম্যাচের একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল, ঠিক পথে আছে বাংলাদেশ। সেখান থেকে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানের হার। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা।
বাংলাদেশ ম্যাচ হারলে ক্রিকেটাররা কোনো না কোনো অজুহাত বের করেন। ব্যতিক্রম ঘটালেন সাইফ হাসান। বাংলাদেশি এই ওপেনার ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে কোনো অজুহাত দাঁড় করাননি। তার মতে, অজুহাত দেওয়ার সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে সাইফ বলেন, ‘আমার মনে অজুহাত দিয়ে আসলে বাঁচার কোনো উপায় নেই। ২২-২৩ ওভার পর্যন্ত আমরা ম্যাচে ছিলাম। ভুল সময়ে কিছু উইকেট পড়াতে আমার মনে হয় আমরা সেখান থেকে (ম্যাচ) পিছিয়ে গেছি।’
ব্যাট হাতে সাইফ চেষ্টা করেছেন সেরাটা দেওয়ার। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন তিনি। যতক্ষণ ক্রিজে ছিলেন, ধুঁকতে থাকা বাংলাদেশকে আশার আলো দেখিয়েছেন। ৭৬ বলে ৫৭ রানের ইনিংস আরও বড় করতে না পারার আক্ষেপ আছে তার। হারের পেছনে দেখছেন নিজের দায়ও।
সাইফ বলেন, ‘কিছু ভুল সময়ে আমাদের উইকেটগুলো পড়েছে। যেমন আমার উইকেটটা যদি আমি আরেকটু ক্যারি করতে পারতাম। সেট ব্যাটারের জন্য উইকেট সহজ ছিল, নতুন ব্যাটারের জন্য কঠিন। আমার মনে হয় আমি যদি আরেকটু টিকতে পারতাম, কাজটা সহজ হতো।’
সাইফ উপলব্ধি করতে পেরেছিন। কিন্তু দিনশেষে এই ম্যাচের ফলাফলে লেখা থাকবে, বাংলাদেশ ম্যাচটা হেরেছে।

ক্রীড়া প্রতিবেদক