বাংলাদেশ ঘুুরে দাঁড়াবে, প্রত্যাশা শরিফুলের
নিউজিল্যান্ডের মূল দল আসেনি বাংলাদেশে। র্যাঙ্কিংয়ে পয়েন্ট বাড়াতে বাংলাদেশের সামনে সুবর্ণ সুযোগ ছিল। এখনও পুরোপুরি শেষ হয়নি সুযোগ। কিন্তু, ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হেরেছে স্বাগতিকরা। দ্বিতীয় ওয়ানডে এখন হয়ে উঠেছে বাঁচা-মরার লড়াই।
সোমবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। ম্যাচের আগে আজ রোববার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে আসেন পেসার শরিফুল ইসলাম। ক্যামব্যাকের প্রত্যাশা করছেন তিনি।
শরিফুল বলেন, ‘মাত্র এক ম্যাচ গেছে। দুই ম্যাচ বাকি। আমাদের আত্মবিশ্বাস আছে যে আমরা কামব্যাক করব। আমাদের সেরা ক্রিকেটটা প্রথম ম্যাচে দিতে পারিনি। যদি সেরা ক্রিকেকটা দিতে পারি, আমরা কামব্যাক করে সিরিজ জিতব।’
প্রথম ম্যাচে মিরপুরের উইকেট রহস্যময় আচরণ করেছে। অবিশ্বাস্যরকম নিচু হয়ে আসছিল বল। রান তাড়ায় ব্যাট হাতে ধুঁকতে হয়েছে বাংলাদেশকে। মিরপুরের পিচ নিয়ে শরিফুলের কাছে তাই সহজাত জিজ্ঞাসা ছিল।
‘দেখেন এই ব্যাপারে, আসলে মিরপুরের উইকেট অনেক সময় ভুল প্রমাণিত হয়। আমরা যেমন আশা করেছিলাম তার চেয়ে কিছুটা ভিন্ন আচরণ করেছে। আশা করি সামনে অন্যরকম হবে’— উইকেট নিয়ে নিজের মতামত দেন শরিফুল।

স্পোর্টস ডেস্ক