বাংলাদেশ দলের স্কোয়াডে যুক্ত হলো নতুন নাম
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফিরিয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। শেষ ম্যাচটি এখন মেহেদী হাসান মিরাজের দলের জন্য অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। বোলিংয়ে শক্তি বাড়িয়ে সেই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। স্বাভাবিকভাবেই এ ম্যাচেও বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মিরাজ।
সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। সাগরিকার উইকেট সাধারণত ব্যাটারদের পক্ষে কথা বলে। প্রতিপক্ষ ব্যাটিংকে থামানোর কথা চিন্তা করেই স্কোয়াডে ডাকা হয়েছে পেসার তানজিম সাকিবকে।
গত মাসে দেশের মাটিতে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে সিরিজে পিঠের চোটের কারণে ছিলেন না। কিউইদের বিপক্ষেও তাকে রাখা হয়নি প্রথম দুই ম্যাচের স্কোয়াডে। চোট কাটিয়ে এবার ফিরলেন তৃতীয় ম্যাচের স্কোয়াডে।
এর বাইরে দলে আর কোনো পরিবর্তন নেই। যদিও তৃতীয় ম্যাচের স্কোয়াডে ডাক পাওয়ার আলোচনায় ছিলেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আলোচনা ছিল, আফিফ হোসেনের পরিবর্তে স্কোয়াডে রাখা হবে তাকে। কিন্তু শেষ পর্যন্ত আর সেই আলোচনা বাস্তবে রূপ নেয়নি।
আগামী ২৩ এপ্রিল সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। এ ম্যাচটিও শুরু হবে সকাল ১১টায়।
শেষ ওয়ানডেতে বাংলাদেশের স্কোয়াড
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।

স্পোর্টস ডেস্ক