বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডের টিকিট মূল্য প্রকাশ
ঢাকা পর্ব শেষ করে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের গন্তব্য এখন চট্টগ্রাম। আগামী ২৩ এপ্রিল সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ মাঠে গড়াবে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। চট্টগ্রামে খেলা হলে দর্শকের আগ্রহ অন্যান্য ভেন্যুর তুলনায় বেশি থাকে।
দর্শকের আগ্রহ ও চাহিদার কথা বিবেচনায় রেখে তৃতীয় ওয়ানডের টিকিট মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় মাঠে বসে খেলা উপভোগ করা যাবে। সর্বোচ্চ মূল্য ২ হাজার ৫০০ টাকা।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিসিবি জানিয়েছে মতিউর রহমান স্টেডিয়ামের পূর্ব গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। পশ্চিম গ্যালারির টিকিটের দাম ৩০০ টাকা। শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডে বসে খেলা দেখতে খরচা করতে হবে ৬০০ টাকা করে।
পূর্ব ও পশ্চিম পাশের গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা করে। পূর্ব ও পশ্চিম পাশের রুফটপ প্যাভিলিয়ন এন্ডের টিকিট মূল্য ধরা হয়েছে ২ হাজার ৫০০ টাকা করে। সবচেয়ে বেশি দাম ধরা হয়েছে এই চার জায়গাতে।
বিসিবির ওয়েবসাইটে গিয়ে অনলাইনে টিকিট কাটতে পারবেন আগ্রহী দর্শকরা।
সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ২৬ রানে হারায় নিউজিল্যান্ড। পরের ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়ে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচ হয়েছিল মিরপুরে। চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডে তাই পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। হিসেব সহজ, জয় যার সিরিজ তার।

স্পোর্টস ডেস্ক