রেকর্ড ডাকছে মেসিকে
লিওনেল মেসির জন্য রেকর্ড আর নতুন কী! প্রতিনিয়তই হাতছানি দিয়ে ডাকে। মেসিও আলিঙ্গন করে নেন। ৩৮ বছর বয়সেও আছেন দারুণ ছন্দে। নতুন এক রেকর্ডের কাছাকাছি আছেন তিনি।
চলতি মৌসুমে মেজর লিগ সকারে ৭ ম্যাচে ৭ গোল পেয়েছেন। তবে এখনও অ্যাসিস্টের খাতা খুলতে পারেননি। তবে, মাঠে তার উপস্থিতি বদলে দিচ্ছে ম্যাচের চিত্র। মাত্র ৮ সপ্তাহে চারবার ‘টিম অব দ্য ম্যাচ ডে’-তে জায়গা পাওয়া সেই প্রমাণই দেয়।
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এমএলএসে মেসি ১৪বার ‘প্লেয়ার অব দ্য ম্যাচডে’ পুরস্কার পেয়েছেন। এরমধ্যে টানা দু’বার এমএলএস এমভিপি জিতে নতুন ইতিহাসও গড়েছেন। আর্জেন্টাইন মহাতারকার সামনে সুযোগ ল্যান্ডন ডনোভানের ১৯ ম্যাচ ডের পুরস্কারের রেকর্ড ভাঙার।
এদিকে, ফুটবলার থাকাকালীন ক্লাবের মালিক হয়ে গেলেন মেসি। স্পেনের কাতালান অঞ্চলের ঐতিহাসিক ফুটবল ক্লাব ইউই কর্নেল্লা কিনেছেন মেসি। বিষয়টি নিশ্চিত করেছে কর্নেল্লা ক্লাব কর্তৃপক্ষ। বার্সেলোনার প্রতি ভালোবাসা আর তৃণমূল থেকে নতুন ফুটবলার তুলে আনার লক্ষ্যেই নতুন এই পথচলা আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকার।
মেসির এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো স্প্যানিশ ফুটবলের শিকড়ে কাজ করা। ১৯৫১ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি তরুণ প্রতিভা খুঁজে বের করার জন্য বেশ পরিচিত। মেসির দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং গাইডলাইনে ক্লাবটি এখন আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। ক্লাব কর্তৃপক্ষের মতে, মেসির আগমনে কর্নেল্লা এক নতুন যুগে পদার্পণ করল।

স্পোর্টস ডেস্ক