হামজা ভক্তদের জন্য দুঃসংবাদ
দশ বছর আগের সেই সোনালি স্মৃতি এখন শুধুই ইতিহাস। ২০১৬ সালে রূপকথার জন্ম দিয়ে যারা ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছিল, সেই লেস্টার সিটি এখন পতনের অতল গহ্বরে। সেই পতনে দুঃখ কিছুটা বাংলাদেশের ফুটবল প্রেমীদেরও। কারণ এই ক্লাবেই যে খেলছেন বাংলাদেশের ফুটবলের পোস্টারবয় হামজা চৌধুরী। তার দল লেস্টার সিটি এবার ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর বা ‘লিগ ওয়ান’-এ নেমে গেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিনগত রাতে ঘরের মাঠে হাল সিটির বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর লেস্টারের এই অবনমন নিশ্চিত হয়। ম্যাচ শেষে গ্যালারিতে থাকা হাজারো ভক্ত ক্ষোভে ফেটে পড়েন। তাঁরা ক্লাবের মালিকদের পদত্যাগ দাবি করার পাশাপাশি খেলোয়াড়দের দুয়োধ্বনি দিতে থাকেন।
ঠিক দশ বছর আগে মে মাসে প্রিমিয়ার লিগ জিতে বিশ্বকে চমকে দিয়েছিল লেস্টার। এরপর এফএ কাপ জয় এবং চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলার গৌরবও আছে তাদের। কিন্তু গত কয়েক মৌসুমে ক্লাবটির পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই।
গত বছর প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে নামার পর এবার সেখান থেকেও অবনমন হলো। ইংলিশ ফুটবলের ইতিহাসে মাত্র পঞ্চম দল হিসেবে টানা দুই মৌসুমে দুবার অবনমনের তেতো স্বাদ পেল ‘ফক্স’রা।
ম্যাচে টিকে থাকার জন্য জয়ের বিকল্প ছিল না লেস্টারের। হাল এফসির ফুটবলার লিয়াম মিলারের গোলে পিছিয়ে পড়ার পর জর্ডান জেমস ও লুক থমাসের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে গিয়ে স্বপ্ন দেখছিল হামজারা।
তবে দ্বিতীয়ার্ধে ওলি ম্যাকবার্নির গোল সব আশা শেষ করে দেয়। ড্র নিয়ে মাঠ ছাড়ার সময় হতাশায় মাটিতে লুটিয়ে পড়েন খেলোয়াড়রা। হাতে দুই ম্যাচ থাকলেও নিরাপদ অবস্থান থেকে ৭ পয়েন্ট পিছিয়ে থাকায় তাদের অবনমন এখন চূড়ান্ত।
মৌসুমের শুরুতেই খরচের নিয়ম ভাঙায় ৬ পয়েন্ট জরিমানা করা হয়েছিল লেস্টারকে। এরপর থেকেই ছন্দ হারায় দলটি। সবশেষ ১৮ ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। কোচ বদল করেও কোনো লাভ হয়নি। স্টিভ কুপারের পর রুড ফন নিস্টলরুই এসেও দলকে রক্ষা করতে পারেননি।
ম্যাচ শেষে হতাশ কোচ গ্যারি রাওয়েট বলেন, “সত্যি বলতে কি, অবনমন এক-দুই ম্যাচে হয় না, এটা পুরো মৌসুমের ভুলগুলোর ফল। আমাদের ক্লাব ইতিহাসের এটি সবচেয়ে ভয়াবহ মুহূর্ত।”
২০০৯ সালের পর এই প্রথম আবারও তৃতীয় স্তরে খেলতে হবে লেস্টার সিটিকে। ১৪২ বছরের ইতিহাসে এটি তাদের দ্বিতীয়বারের মতো লিগ ওয়ানে নেমে যাওয়ার ঘটনা।

স্পোর্টস ডেস্ক