মাঠে নামার আগের দিন দুঃসংবাদ পেল বাংলাদেশ
দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সিরিজ নির্ধারণি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এর আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ দল।
দ্বিতীয় ওয়ানডেতে স্লো-ওভার রেটিংয়ের কারণে জরিমানা করা হয়েছে বাংলাদেশকে। নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম বল করায় বাংলাদেশ দলকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী বাংলাদেশের খেলোয়াড়দের এই জরিমানা করা হয়।
সূচি অনুযায়ী, দ্বিতীয় ওয়ানডের খেলা শুরু হয় সকাল ১১টায়। নিয়ম অনুযায়ী, ৫০ ওভারের ইনিংস শেষ হওয়ার কথা আড়াইটায়। কিন্তু প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ডের ইনিংস আড়াইটার মধ্যে শেষ হয়নি। নির্দিষ্ট সময়ের পৌণে একঘণ্টা পরে সোয়া তিনটায় খেলা শেষ হয়। সেটিও ৪৮.৪ ওভারে কিউইরা অলআউট হওয়ায়।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শুরু হচ্ছে সকাল ১১টায়, যখন মাঠে প্রখর রোদ থাকে। অতিরিক্ত এই গরমের কারণে বেগ পেতে হচ্ছে ক্রিকেটারদের। প্রতি ইনিংসেই নিতে হচ্ছে একাধিক পানি পানের বিরতি। এছাড়াও পেসারদের দিয়ে বেশি ওভার বোলিং করানোর কারণে অতিরিক্ত সময় লাগছে প্রথম ইনিংসে।
তবে আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সময়ের সব ছাড় বিবেচনায় নেওয়ার পরও বাংলাদেশ নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার পিছিয়ে ছিল। যে কারণে মাঠের আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নীতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল বাংলাদেশ দলের বিরুদ্ধে মন্থর ওভার রেটের অভিযোগ আনেন।
বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

স্পোর্টস ডেস্ক