যেভাবে দেখবেন বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের। তবুও নিশ্চিত হয়েছে ২০২৮ সালের বিশ্বকাপে সরাসরি খেলা। অধিনায়ক লিটন দাস এখন থেকেই প্রস্তুতি নিতে চান সেই বিশ্বকাপের জন্য। সেই লক্ষ্যে প্রথম পরীক্ষা শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে।
আজ সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।
দুই দলের সংক্ষিপ্ত সংস্করণের এই লড়াই বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপ-এ।
পরিসংখ্যানে অবশ্য এগিয়ে থেকেই মাঠে নামছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২০ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে ১৫টিতে জয় পেয়েছে কিউইরা। আর বাংলাদেশের জয় চারটিতে। ফলাফল আসেনি একটি ম্যাচে।
দুই দল সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছে ২০২৩ সালে। তিন ম্যাচের সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফর করেছিল টাইগাররা। ফলাফল অবশ্য কিউইদের পক্ষেই ছিল। দুই ম্যাচে হেরেছিল বাংলাদেশ। আর একটি ম্যাচে কোনো ফলাফল আসেনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে এই সিরিজে দলে নেই সেরা দুই পেসার মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। এই দুই তারকার পরিবর্তে স্কোয়াডে ডাকা হয়েছে পেসার রিপন মন্ডল আর আব্দুল গাফফার সাকলাইনকে।
লম্বা বিরতি শেষে টি-টোয়েন্টিতে ফিরলেও জয়ের বিষয়ে আশাবাদী অধিনায়ক লিটন দাস। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘নিউজিল্যান্ড বড় দল। ফরম্যাটটাই এমন যে, দুইটা ব্যাটার-দুইটা বোলার খেলে দিলেই আপনি জিতে যাবেন। আমাদের চেষ্টা এতদিন ধরে যেভাবে খেলে আসছি, সেটাই থাকবে এবং আমাদের সেরা ক্রিকেটটাই খেলতে চাইব।’

স্পোর্টস ডেস্ক