বাংলাদেশের ব্যাটিংয়ে মুগ্ধ কিউই ক্রিকেটার
নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়ে ম্যাচ জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে সাগরিকায় দাপুটে ক্রিকেট খেলেছে বাংলাদেশ। বিশেষত ব্যাট হাতে হৃদয়-শামীম-ইমনরা ছিলেন অনবদ্য। ম্যাচ শেষে স্বাগতিক ব্যাটারদের প্রশংসায় ভাসিয়েছেন নিউজিল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটার ডেন ক্লিভার।
সোমবার (২৭ এপ্রিল) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ক্লিভার বলেন, ‘রানরেট আমাদের পক্ষে থাকলেও তারা আমাদের থেকে ম্যাচটা বের করে নিয়েছে। ব্যাটাররা নিজেদের সামর্থ্য দেখিয়েছে। আমরা তাদের আটকাতে পারিনি। শেষ দিকের দুই ব্যাটার (হৃদয় ও শামীম) দারুণ ছিল। মাঠের ৩৬০ ডিগ্রিজুড়ে খেলতে পারা, বলের পেস কাজে লাগিয়ে ছক্কা মারা—অসাধারণ ব্যাটিং।’
ক্লিভার যোগ করেন, ‘ব্যাটাররা দারুণ স্মার্ট ছিল। দারুণ কিছু শট খেলেছে যা অবিশ্বাস্য ছিল। আমার মনে হয়েছে আমরা নিজেদের ব্যাটিংয়ে আরও স্মার্ট হতে পারতাম। যেভাবে তারা রানের গতি বাড়াল, ভালো ছিল।’
তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন পাটোয়ারী মিলে কী এমন করলেন? বাংলাদেশ ১৮৩ রান তুলে ফেলেছে গোটা ২ ওভার ও ৬ উইকেট অক্ষত রেখে। হৃদয় ২৭ বলে অপরাজিত ৫১, শামীম ১৩ বলে অপরাজিত ৩১ এবং ইমন ১৪ বলে ২৮। পারফেক্ট টি-টোয়েন্টি যাকে বলে। সময়ের প্রয়োজন মেটাতে সাহসী ক্রিকেট খেলতে হয়, টি-টোয়েন্টিতে যা আরও বেশি। তারা সেটিই করে দেখালেন।
ম্যাচ শেষে তাদের প্রশংসায়ও ভাসিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার মতে সত্যিই দারুণ ম্যাচ ছিল। বিশেষ করে আমরা যেভাবে ব্যাটিং করেছি। হৃদয় খুব ভালো ব্যাটিং করেছে, সে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে মিডল অর্ডারে দারুণ ব্যাটিং করেছে। ইমনও খুব ভালো খেলেছে। এরপর শামীম ম্যাচটি দাপটের সঙ্গে শেষ করে এসেছে।’

স্পোর্টস ডেস্ক