বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি
গত কয়েকদিন ধরেই দেশে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে দেশের বিভিন্ন স্থানে। সকালের আকাশ দেখে অবশ্য ক্রিকেটপ্রেমীদের মনে আশা জেগেছিল বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠে গড়াবে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সেই আশার আলো নিভতে শুরু করে।
আজ বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে নাগাদ মুষলধারে বৃষ্টি শুরু হয় চট্টগ্রামে। সেটি উপেক্ষা করেই দুই দলের ক্রিকেটাররা মাঠে গিয়েছিলেন। তবে সেখানে গিয়ে ড্রেসিংরুমে বসে বৃষ্টি উপভোগ করা ছাড়া আর কিছুই করতে পারেননি তারা।
সেই অপেক্ষার প্রহর শেষ হলো না। বৃষ্টি না থামায় পরিত্যক্ত ঘোষণা করা হলো দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বিকেল ৪টা ২০ মিনিটে খেলা পরিত্যক্তের আনুষ্ঠানিক ঘোষণা দেয় বিসিবি।
এর আগে জানা গিয়েছিল, বেলা ৩টা ১০ মিনিটের মধ্যে যদি খেলা শুরু হয় তাহলে ২০ ওভারের ম্যাচই অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে খেলা শুরু নাহলে কাটা হবে ওভার। যদি বিকেল ৪টা ৫০ মিনিটের মধ্যে টস করা যায়। তাহলে ৫টা ১৬ মিনিট থেকে ৫ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে। খেলা মাঠে গড়াবে কি না এই সিদ্ধান্ত জানানোর সর্বশেষ সময় নির্ধারণ করা হয়েছিল ৪টা ৫০ মিনিট।
নির্ধারিত সময়ের আগেই ম্যাচ অফিসিয়াল এবং দুই দলের অধিনায়ক কথা বলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হলো।
প্রথম টি-টোয়েন্টিতে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। আজ লক্ষ্য ছিল জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেওয়ার। সেটি না হওয়ায় এখন তৃতীয় ও শেষ টি-টোয়েন্টির অপেক্ষা। বাংলাদেশ জিতলে সিরিজ স্বাগতিকদের, হারলে সমতা।
বাংলাদেশ-নিউজিল্যান্ড শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে আগামী ২ মে, মিরপুরে।

স্পোর্টস ডেস্ক