ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
আগ্রাসী ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। তবে সেটি স্থায়ী হলো না বেশি সময়। পাওয়ার-প্লের মধ্যেই তিন উইকেট হারাল টাইগাররা। ফিরে গেলেন দুই ওপেনার। দায়িত্ব নিতে পারলেন না পারভেজ হোসেন ইমনও। দ্রুতই তিন উইকেট হারিয়ে কিছুটা ব্যাটিং বিপর্যয়েই পড়েছে বাংলাদেশ।
আজ শনিবার (২ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
ইনিংস শুরু করতে নেমে তানজিদ হাসান তামিম কিছুটা ধীর গতির হলেও সাইফ হাসান শুরু করেছিল আগ্রাসী মেজাজে। তবে ইনিংস লম্বা করতে পারলেন না তিনি। ইনিংসের চতুর্থ ওভারে ফিরলেন ছক্কা হাঁকাতে গিয়ে। জেডেন লিনক্সের বলে ক্যাচ দেন টিম রবিনসনের হাতে। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১১ বলে ১৬ রান।
পরের ওভারে ফেরত যান আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। নাথান স্মিথের বলে ব্যাটে-বলে সংযোগ ঘটাতে পারেননি তিনি। বল গিয়ে উড়িয়ে দেয় স্টাম্পের বেল। ১০ বলে ৬ রান করে ফেরেন তিনি।
আগের ম্যাচে দারুণ খেলা পারভেজ হোসেন ইমন এদিন ফিরেছেন প্রথম বলেই। স্মিথের বলে তিনি ক্যাচ দেন ইশ সোধিকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং করবে বাংলাদেশ
সিরিজ জয়ের ম্যাচে টস হেরে ব্যাটিং করবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক নিক কেলি।
একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে বাংলাদেশ
প্রথম ম্যাচে খেলা পেসার তানজিম হাসান সাকিব চোটের কারণে শেষ ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আলোচনায় থাকলেও এ ম্যাচেও অভিষেক হলো না তরুণ অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইনের। এ ম্যাচেও একাদশে জায়গা ধরে রেখেছেন পেসার রিপন মন্ডল।
বাংলাদেশের একাদশ
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিপন মণ্ডল।

স্পোর্টস ডেস্ক