বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে সুখবর
সকালে ঢাকার আকাশে মেঘের ঘনঘটা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল হয়ে ওঠে আকাশ। কিন্তু বাংলাদেশ-নিউজিল্যান্ড শেষ টি-টোয়েন্টি মাঠে গড়ানোর আগেই আবারও মেঘে ঢেকে যায় আকাশ। নির্ধারিত সময়ে খেলা গড়ালেও কিছুক্ষণ পরই শুরু হয় বৃষ্টি।
তবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর হলো, মিরপুরে থেমে গেছে বৃষ্টি। মাঠ শুকাতে ব্যস্ত সময় পার করছেন মাঠকর্মীরা। ধীরে ধীরে সরানো হচ্ছে কাভার। দ্রুতই ম্যাচ শুরু হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে আজ শনিবার (২ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান তুলে বাংলাদেশ।
খেলা শুরুর আগেই মিরপুরের আকাশ ঢেকে যায় মেঘে। যে কারণে ভরদুপুরেই জ্বালানো হয় ফ্লাড লাইট। তবে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়েছিল। খেলাও গড়িয়েছিল মাঠে। কিন্তু সেটি বেশি সময় স্থায়ী হয়নি। প্রথম পাওয়ার-প্লে শেষ হতেই হানা দেয় বৃষ্টি দেয়।
আবহাওয়াভিত্তিক ওয়েবসাইট আকুওয়েদার টসের আগে জানিয়েছিল, ম্যাচের মাঝে বৃষ্টির সম্ভাবনার কথা। তাদের তথ্যানুযায়ী, দুপুর আড়াইটার দিকে মিরপুরে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। সেটি চলবে প্রায় সাড়ে তিনটা পর্যন্ত।
এর আগে গত ২৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল চট্টগ্রামে। কিন্তু সেখানে সারাদিন মুষলধারে বৃষ্টির কারণে পুরোপুরি ভেস্তে যায় দ্বিতীয় ম্যাচ। ক্রিকেটাররা মাঠে এলেও টস পর্যন্ত করা যায়নি দ্বিতীয় ম্যাচে।

স্পোর্টস ডেস্ক