দারুণ জয়ে শিরোপার দৌড়ে টিকে রইল সিটি
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এখন তুঙ্গে। পয়েন্ট হারানোর কোনো সুযোগ নেই ম্যানচেস্টার সিটির সামনে। এমন সমীকরণের ম্যাচে ব্রেন্টফোর্ডকে হারিয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে আনল পেপ গার্দিওয়ালার দল। ঘরের মাঠে দারুণ জয় পেয়েছে সিটিজেনরা।
শনিবার (৯ মে) দিনগত রাতে ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যান সিটি। জেরেমি ডোকু, আর্লিং হলান্ড এবং ওমার মার্মুশের একবার করে জাল খুঁজে নিয়েছেন।
এই জয়ের পর ৩৫ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
ম্যাচের শুরু থেকেই ব্রেন্টফোর্ডকে চেপে ধরে ম্যানচেস্টার সিটি। প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ সাজায় তারা। পুরো ম্যাচে গোলের জন্য ২৫টি শট নেয় ম্যান সিটি। এর মধ্যে লক্ষ্যে ছিল ১০টি শট। বিপরীতে ব্রেন্টফোর্ড কেবল একবার সিটির গোলরক্ষকের পরীক্ষা নিতে পেরেছে।
ম্যাচের শুরু থেকেই ব্রেন্টফোর্ডের ওপর চাপ সৃষ্টি করে ম্যানচেস্টার সিটি। বেশ কয়েকবার সুযোগও তৈরি করে গোলের। তবে বারবার ব্যর্থ হচ্ছিল গোলমুখে গিয়ে। যে কারণে প্রথমার্ধে গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যেতে হয় গার্দিওয়ালার দলকে।
বিরতির পর আক্রমণে আরও ধার বাড়ায় সিটি। ম্যাচের ৬০তম মিনিটে ডেডলক ভাঙেন জেরেমি ডোকু। ডি-বক্সের বাঁ দিক দিয়ে ভেতরে ঢুকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন এই বেলজিয়ান উইঙ্গার। গত সপ্তাহে এভারটনের বিপক্ষে জোড়া গোল করা ডোকুর এটি মৌসুমে অষ্টম গোল।
ম্যাচের ৭৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গোলমেশিন খ্যাত আর্লিং হলান্ড। গোলমুখে জটলার মধ্যে বল পেয়ে কৌশলী এক ব্যাকহিলে বল জালে জড়ান তিনি। প্রিমিয়ার লিগে এটি হলান্ডের ২৬তম গোল। লিগে সবচেয়ে বেশি গোল এই নরওয়ে তারকার।
খেলার একদম শেষ মুহূর্তে যোগ করা সময়ে বদলি হিসেবে নামা মিশরের ফরোয়ার্ড ওমার মার্মুশ দলের হয়ে তৃতীয় গোলটি করেন। হলান্ডের পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

স্পোর্টস ডেস্ক