নেইমারকে নিয়েই বিশ্বকাপের বিমান ধরছে ব্রাজিল
নেইমার জুনিয়র কি বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন? গত কয়েকদিনের ব্রাজিল ভক্তদের আলোচনার টেবিলের একমাত্র বিষয়বস্তুই তো ছিল এটি। এমনকি আলোচনা গড়িয়েছিল ব্রাজিলের প্রেসিডেন্ট পর্যন্ত। সব আলোচনার সমাপ্তি করে নেইমারকে নিয়েই বিশ্বকাপের বিমান ধরছে ব্রাজিল।
সোমবার (১৮ মে) দিনগত রাতে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পরে ব্রাজিলের স্কোয়াডে জায়গা পেলেন নেইমার।
২০২৩ সালে সর্বশেষ হলুদ জার্সি গায়ে জড়িয়েছিলেন নেইমার। এরপর এসিএল চোটের কারণে এক বছরের বেশি সময় ছিলেন পুরোপুরি মাঠের বাইরে। এরপর নিয়মিতই চোটে পড়েছেন তিনি। যে কারণে ক্লাবের হয়ে কিছু ম্যাচে মাঠে নামা হলেও আর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হয়নি।
প্রায় ঘণ্টাব্যাপী জমকালো আয়োজন শেষে দল ঘোষণা করতে মঞ্চে ওঠেন কার্লো আনচেলত্তি। গোলরক্ষক থেকে নাম ঘোষণা শুরু করেন তিনি। রক্ষণভাগ, মধ্যমাঠের পর আক্রমণভাগের ফুটবলারদের নাম ঘোষণা করেন আনচেলত্তি। নেইমারের ঘোষণা করতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। বাধ্য হয়ে তাই আনচেলত্তিকেও চুপ থাকতে হয় খানিকটা সময়।
গোলরক্ষক হিসেবে আলোচনায় ছিল চারজনের নাম। সেখান আনচেলত্তি ভরসা রেখেছেন দুই অভিজ্ঞ আলিসন আর এডারসনের সঙ্গে ওয়েভারটনের ওপর। মিডফিল্ডে ক্যাসেমিরো, ব্রনো গুমাইরেসদের সঙ্গে ডাক পেয়েছেন অভিজ্ঞ ফ্যাবিনিও। দলে ফিরেছেন ইংলিশ ক্লাব থেকে ব্রাজিলিয়ান যাওয়া লুকাস পাকুয়েতাও।
আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হবে ব্রাজিলের। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।
ব্রাজিলের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: আলিসন, এডারসন মরিস, ওয়েভারটন
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালিয়াইস, ইবানেজ, লেও পেরেইরা, মার্কিনিয়োস
মিডফিল্ডার: ওয়েসলি, ব্রনো গুমাইরেস, ক্যাসেমিরো, দানিলো সিনিয়র, ফ্যাবিনিও, লুকাস পাকুয়েতা
ফরোয়ার্ড: এন্দ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগোর থিয়াগো, লুইস হেনরিক, ম্যাথিউস কুনিয়া, নেইমার জুনিয়র, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিয়াস জুনিয়র

স্পোর্টস ডেস্ক