আবারও প্রতিপক্ষ হিসেবে ভারতকে পেল বাংলাদেশ
সাম্প্রতিক সময়ে দক্ষিণ এশিয়ান ফুটবল কিংবা এশিয়ান ফুটবল মানেই যেনো বাংলাদেশ-ভারত লড়াই। আরও একটি টুর্নামেন্টে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ।
আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই। আজ বৃহস্পতিবার (২৮ মে) সেই বাছাইপর্বের সূচি প্রকাশ করেছে এশিয়ান ফুটবল ফেডারেশন। যেখানে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ।
এই গ্রুপে বাংলাদেশ আর ভারত ছাড়াও আছে উজবেকিস্তান আর সিরিয়া। আগামী ২৫ আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইয়ের এই টুর্নামেন্ট। ‘বি’ গ্রুপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে।
বাছাইপর্বে দলগুলো আটটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। বাছাইপর্ব শেষে আট গ্রুপের আট চ্যাম্পিয়ন আর সাত সেরা রানার্সআপ দল খেলবে মূল পর্বে। আগামী বছর চীনে অনুষ্ঠিত হবে মূল পর্ব। যেখানে স্বাগতিক হিসেবে খেলবে চীন।
এবারের বাছাইপর্বে ভিন্নতা এসেছে এএফসি। আগে এএফসির বয়সভিত্তিক আসরগুলোর বাছাইয়ের জন্য চল্লিশের অধিক দল অংশগ্রহণ করত। কিন্তু এখন সবাইকে সরাসরি খেলার সুযোগ দিচ্ছে না এএফসি।
নতুন নিয়ম অনুযায়ী, বিগত বছরগুলোতে বাজে পারফরম্যান্স করা দলগুলোকে ডেভেলপমেন্ট টুর্নামেন্ট খেলে সেরাগুলোকে আগামী বছরের বাছাইপর্বে অংশ নিতে হবে। অন্যদিকে, এবার বাছাই থেকেও আট গ্রুপের মধ্যে সর্বনিম্ন ছয় দলকে আগামী বছর ডেভেলপমেন্ট কাপ খেলতে হবে।

স্পোর্টস ডেস্ক