রাতে মাঠে নামছে ব্রাজিল, যেভাবে দেখবেন খেলা
বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে মাঠে নামছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের উদ্দেশ্যে বিমান ধরার আগে ঘরের মাটিতে এটিই তাদের শেষ ম্যাচ।
আজ রোববার (৩১ মে) রিও ডি জেনেরিও’র বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে সেলেসাওরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টায়।
ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ‘জি’ টিভির ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি। ফলে বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও কোনো ঝামেলা ছাড়াই সরাসরি উপভোগ করতে পারবেন ব্রাজিলের এই খেলা।
আরো পড়ুন : নেইমারকে নিয়ে বড় সুখবর দিলেন আনচেলত্তি
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি জানিয়ে দিয়েছেন, আসন্ন বিশ্বকাপে নেইমার, ভিনিসিয়াস ও রাফিনিয়া দলের প্রধান অস্ত্র হলেও অধিনায়ক হিসেবে মাঠ মাতাবেন মারকিনিওস। তবে আজকের ম্যাচে মারকিনিওস থাকছেন না। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিয়ে ব্যস্ত থাকায় এই ম্যাচে তাকে এবং গ্যাব্রিয়েল মাগাইলেহাসকে বিশ্রাম দেওয়া হয়েছে।
আজকের ম্যাচের সম্ভাব্য একাদশ নিয়েও আভাস দিয়েছেন আনচেলত্তি। গোলবার সালাবেন অ্যালিসন বেকার। রক্ষণভাগে দেখা যেতে পারে ওয়েসলি, ব্রেমার, লিও পেরেইরা ও অ্যালেক্স সান্দ্রোকে। মাঝমাঠে ক্যাসেমিরোর সঙ্গে জুটি বাঁধবেন ব্রুনো ফার্নান্দেস ও লুইজ হেনরিকে। আর আক্রমণভাগে ব্রাজিলের গোল পাওয়ার মূল দায়িত্ব থাকবে ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথেউস কুনিয়া ও রাফিনিয়ার কাঁধে।
পানামার বিপক্ষের এই ম্যাচটি ব্রাজিলের প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচ। এরপর ৭ জুন তারা মুখোমুখি হবে মিশরের। এর পরেই শুরু হবে মূল বিশ্বকাপ অভিযান। ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে। পরবর্তীতে ২০ জুন হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে সেলেসাওরা।

স্পোর্টস ডেস্ক