নাহিদ রানাকে সুখবর দিল আইসিসি
বল হাতে আগুন ঝরাচ্ছেন নাহিদ রানা। সাম্প্রতিক দিনগুলোতে কেবল বাংলাদেশই নয়, আন্তর্জাতিক ক্রিকেটেরই সফল পেসার তিনি। মিরপুরে গতকাল মঙ্গলবার (৯ জুন) অস্ট্রেলিয়াকে প্রথম ওয়ানডেতে হারিয়েছে বাংলাদেশ। ২১ বছর পর ওয়ানডেতে অসিবধে বল হাতে অন্যতম নায়ক ছিলেন নাহিদ।
১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট পেয়েছেন নাহিদ। যা তাকে আইসিসি থেকে এনে দিয়েছে সুখবর। র্যাঙ্কিংয়ে অনেক এগিয়েছেন তিনি। আজ বুধবার (১০ জুন) হালনাগাদ হয়েছে আইসিসির র্যাঙ্কিং।
প্রকাশিত আইসিসির পুরুষ ক্রিকেটারদের সর্বশেষ সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে ২৩ ধাপ এগিয়ে ২৪ নম্বরে উঠে এসেছেন নাহিদ। এর আগে নিউজিল্যান্ড সিরিজের পরেও র্যাঙ্কিংয়ে ৩২ ধাপ এগিয়েছিলেন বাংলাদেশের এই গতিতারকা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন নাহিদ। জস ইংলিশ, অ্যালেক্স ক্যারি, লিয়াম স্কট ও ব্রাটলেটকে ফিরিয়ে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। চমকপ্রদ বিষয় হলো, তার নেওয়া চারটি উইকেটের প্রতিটি ডেলিভারির গতি ছিল ঘণ্টায় ১৪৬ কিলোমিটারের বেশি।
বাংলাদেশের অন্য বোলারদের মধ্যেও র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। মুস্তাফিজুর রহমান দুই ধাপ এগিয়ে এখন ৩৭ নম্বরে রয়েছেন। তাসকিন আহমেদ নিজের ৩২তম অবস্থান ধরে রেখেছেন। অন্যদিকে এক ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছেন শরিফুল ইসলাম। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অবস্থান অষ্টম।

স্পোর্টস ডেস্ক