বিশ্বকাপে মিরাজ কোন দলের সমর্থক?
বিশ্বকাপের আমেজ ছুঁয়ে গেছে জাতীয় দলের ক্রিকেটারদেরও। বিশ্বকাপের মাঝেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ক্রিকেটীয় প্রশ্নের বাইরে তাই ছিল বিশ্বকাপ প্রসঙ্গ। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাছে জানতে চাওয়া হয়, তিনি কোন দলের সমর্থক?
প্রথমে কোনো একটা দলের নাম বলতে গিয়েছিলেন মিরাজ। পরে মিরপুরের প্রেস কনফারেন্স রুমে থাকা সাংবাদিকদের সঙ্গে খুনসুঁটিতে মেতে ওঠেন তিনি। পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন সাংবাদিকদের দিকে।
হাসিঠাট্টায় মিরাজ বলেন, ‘আপনারাই বলেন, আমি কোন দলের সমর্থক?’ তখন কেউ বলে ওঠে ব্রাজিল, কেউ আর্জেন্টিনা। মিরাজ সবার দিকে তাকিয়ে বলেন, ‘বলেন বলেন। কোন দল আমি?’
বাংলাদেশ অধিনায়ক অবশ্য কোন দলের সমর্থক, সেটি জানাননি। তার মতে, এটি সিক্রেট থাকাই ভালো। যদিও, সাংবাদিকরা ততক্ষণে দুই ভাগে ভাগ হয়ে যার যার দলে (ব্রাজিল-আর্জেন্টিনা) নিয়ে নিচ্ছিলেন মিরাজকে।
একজন আবার মজা করে বলে ওঠেন, মিরাজ ইতালির সমর্থক। সেই কারণে বলছে না। কারণ, ইতালি বিশ্বকাপে নেই।
তাতে হাসির রোল ওঠে পুরো কক্ষে।

ক্রীড়া প্রতিবেদক