মুখোমুখি মিসর-বেলজিয়াম, যেভাবে দেখবেন খেলা
দুই মহাদেশে দুই দলের দাপট প্রবল। আফ্রিকার পরাশক্তি মোহাম্মেদ সালাহর মিসর আর ইউরোপের শক্তিশালী দল কেভিন ডি ব্রুইনাদের বেলজিয়াম। বিশ্বকাপের মঞ্চে এবার কঠিন লড়াইয়ে নামতে যাচ্ছে এই দুই দল।
আজ সোমবার (১৫ জুন) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে মিসর আর বেলজিয়াম। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল স্টেডিয়ামে।
দুই দলের এই কঠিন লড়াই বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি, টি-স্পোর্টস ও সময় টিভি। অনলাইনে দেখা যাবে টফি, বায়োস্কোপ প্লাস, আই-স্ক্রিণ, মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে।
আফ্রিকা মহাদেশের পরাশক্তি মিসর। বাছাইপর্বেও দারুণ সময় পার করেছে তারা। সবমিলিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত থেকে দুর্দান্ত আত্মবিশ্বাসে উজ্জীবিত ‘রেড ডেভিলস’রা। তবে শঙ্কার জায়গা হলো বিশ্বকাপে তাদের রেকর্ড। এখনো পর্যন্ত বিশ্বকাপে কোনো জয় পায়নি মিসর।
অবশ্য অন্য সময়ের চেয়ে এখন আরও বেশি উজ্জীবিত মিসর। আগে শুধু দলের ভরসার নাম ছিল পোস্টারবয় মোহাম্মেদ সালাহ। তাকে বোতল বন্দি করতে পারলেই পার পেয়ে যেত প্রতিপক্ষ। তবে, এবার সালাহর সঙ্গে যুক্ত হয়েছে ম্যানচেস্টার সিটির তরুণ তারকা ওমর মারমুশ। এই দুজনের হাত ধরে তাই এবার প্রথম জয় তুলে নিতে চায় মিসর।
অন্যদিকে, ২০২৫ সালে বেরজিয়ামের দায়িত্ব নিয়েই দলের ধারাবাহিক সাফল্যের দিকে নজর দিয়েছিলেন রুডি গার্সিয়া। সেই লক্ষ্যে সফলও হয়েছেন তিনি। ভেঙে পড়া দলকে তিনি নতুন আশা দেখিয়েছেন। ধুঁকতে থাকা দলকে অপরাজিত থেকে বিশ্বকাপের বাছাইপর্ব পার করে দিয়েছেন তিনি।
বাছাইপর্বে ২৯ গোল করা বেলজিয়াম ছিল ইউরোপের অন্যতম ভয়ংকর আক্রমণভাগের দল। বেলজিয়ামের আক্রমণের বড় ভরসা জেরেমি ডোকু। বাছাইপর্বে পাঁচ গোল ও দুটি অ্যাসিস্ট করা ম্যানচেস্টার সিটি তারকা দারুণ ছন্দে আছেন। কেভিন ডি ব্রুইনে, থিবো কোর্তোয়াদের মতো সোনালি প্রজন্মের কয়েকজন তারকা মুখিয়ে আছেন শেষ বিশ্বকাপ মাতাতে।
দুই সম্ভাব্য একাদশ
বেলজিয়াম : থিবো কোর্তোয়া, টিমোথি কাস্তান, জেনো ডেবাস্ত, আর্থার থিয়াতে, ম্যাক্সিম ডে কুইপার, আমাদু ওনানা, ইউরি তিলেমান্স, কেভিন ডি ব্রুইনে, জেরেমি ডোকু, লিয়ান্দ্রো ত্রোসার, রোমেলু লুকাকু।
মিসর : মোহাম্মদ এল শেনাউই, মোহাম্মদ হানি, রামি রাবিয়া, মোহাম্মদ আবদেলমোনেম, আহমেদ ফাতুহ, হামদি ফাতহি, মারওয়ান আতিয়া, এমাম আশুর, মোহাম্মদ সালাহ, ওমর মারমুশ, মোস্তফা মোহাম্মদ।

স্পোর্টস ডেস্ক