নিউজিল্যান্ডের উল্লাসে ইরানের জবাব
২০২৬ ফুটবল বিশ্বকাপের ‘জি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ লড়াইয়ের পর প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ সমতায়। মঙ্গলবার (১৬ জুন) অনুষ্ঠিত ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েছিল নিউজিল্যান্ড, তবে রামিন রেজাইয়ানের জবাবি গোলে বিরতিতে সমতায় ফেরে ইরান।
ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে থাকে নিউজিল্যান্ড। সপ্তম মিনিটেই নিজেদের প্রথম কার্যকর আক্রমণ থেকে গোলের দেখা পায় কিউইরা। নটিংহ্যাম ফরেস্টের অভিজ্ঞ স্ট্রাইকার ক্রিস উডের দুর্দান্ত হোল্ড আপ প্লে থেকে তৈরি হয় সুযোগ। বল ফিরে পেয়ে চেস্ট দিয়ে সেটি বাড়িয়ে দেন তিনি। আর মাদারওয়েল মিডফিল্ডার এলিজাহ জাস্ট দারুণ এক ভলিতে ইরানের জালে বল জড়ান।
এলিজাহ জাস্টের ওই গোলে বিশ্বকাপের ইতিহাসে মাত্র পঞ্চমবারের মতো গোল উদযাপন করে নিউজিল্যান্ড। শুরুতেই পিছিয়ে পড়লেও দ্রুত ম্যাচে ফেরার চেষ্টা চালায় ইরান। বলের দখল ও আক্রমণে নিজেদের আধিপত্য বাড়াতে থাকে।
অবশেষে ৩৩তম মিনিটে আসে সমতার গোল। আক্রমণের ধারাবাহিকতায় সুযোগ কাজে লাগিয়ে রামিন রেজাইয়ান গোল করলে ১-১ সমতায় ফিরে এশিয়ার পরাশক্তিরা। এরপর প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই আরও গোলের চেষ্টা চালালেও আর কোনো দল জালের দেখা পায়নি।
ফলে রোমাঞ্চকর লড়াইয়ের প্রথম ৪৫ মিনিট শেষে ১-১ সমতায় বিরতিতে গেছে ইরান ও নিউজিল্যান্ড। দ্বিতীয়ার্ধে জয় তুলে নিতে দুই দলই মরিয়া হয়ে মাঠে নামবে।

স্পোর্টস ডেস্ক