মেসি ম্যাজিকে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
মাঠে নামলেন, খেললেন আর গোল করলেন— আলেজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসির গল্পটা এমনই। ম্যাচের শুরুতেই একবার জালে বল জড়ালেন, কিন্তু রেফারির অফসাইডের পতাকায় কাঁটা পড়ল সেটি। তবে, মেসিকে আর কতক্ষণ আটকে রাখা যায়? ঠিকই কিছুক্ষণ পর ম্যাজিক দেখালেন, গোল করলেন, দলকে এগিয়ে নিলেন।
আজ বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা আর আলজেরিয়া। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা।
আলেজেরিয়ার চেয়ে যোজন যোজন এগিয়ে আর্জেন্টিনা। মাঠের খেলায়ও সেটির ঝলক দেখা গেলে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে শুরু করে আলবিসেলেস্তেরা।
ম্যাচের পঞ্চম মিনিটেই আলজেরিয়ার জালে বল জড়িয়েছিলেন লিওনেল মেসি। তবে সেটি কাঁটা পড়ে অফসাইডের জালে। অষ্টম মিনিটে একই ভাগ্য বরণ করতে হয় আলজেরিয়াকেও। ফারেস শাইবি উদযাপনও করেছিলেন। কিন্তু ভিএআর-এ দেখা যায় অফসাইডে ছিলেন তিনি।
ম্যাচের ১৭তম মিনিটে রদ্রিগো ডি পলের অসাধারণ এক পাস ধরে আলজেরিয়ার রক্ষণভাগের ফাঁক গলে বল পেয়ে সামনে এগিয়ে যান আর্জেন্টাইন অধিনায়ক। কয়েকটি নিখুঁত টাচে জায়গা তৈরি করে ডান পায়ের দুর্দান্ত বাঁকানো শটে বল পাঠিয়ে দেন জালের ওপরের কোণে। গোলরক্ষক লুকা জিদান বল স্পর্শ করলেও তা জালে জড়ানো ঠেকাতে পারেননি।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের ১৪তম গোল করলেন ৩৮ বছর বয়সী মেসি। একই সঙ্গে টানা পাঁচটি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়লেন তিনি। যা আরও একবার তার অসাধারণ ধারাবাহিকতার সাক্ষ্য দিলেন।
ম্যাচের ৩১তম মিনিটে সেটপিস পেয়েছিল আর্জেন্টিনা। প্রায় ৪৫ গজ দূরের সেই সেটপিস থেকেও গোলের জন্য চেষ্টা করেছিলেন মেসি। সেটি অবশ্য চলে যায় গোলবারের ওপর দিয়ে।
যোগ করা সময়ের শেষ মিনিটে সুযোগ তৈরি করেছিল আলজেরিয়াও। ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে বক্সের মধ্যে ঢুকে পড়েন। দুজনকে কাটিয়ে শটও নিয়েছিলেন। তবে আর্জেন্টিনার ডিফেন্স প্রাচীর পার হতে পারেনি সেটি।

স্পোর্টস ডেস্ক