ভিসা জটিলতা ও ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে ফিফার কাছে অভিযোগ দেবে ইরান
২০২৬ ফুটবল বিশ্বকাপে চরম বৈষম্য ও ভ্রমণ নিষেধাজ্ঞার শিকার হওয়ার অভিযোগ তুলেছে ইরান ফুটবল দল। যুক্তরাষ্ট্রে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে কঠোর ভিসা শর্তের প্রতিবাদে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করতে যাচ্ছে ইরান ফুটবল ফেডারেশন।
ইরান ফুটবল দলের পক্ষ থেকে জানানো হয়, যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রে ম্যাচ খেলার জন্য ইরানকে মাত্র একদিন আগে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে এবং ম্যাচ শেষ হওয়ার দিন রাতেই দেশ ছাড়ার কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এই কড়া নিয়মের কারণে দলের খেলোয়াড়দের শারীরিক ও কারিগরি প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলে দাবি করছে ফেডারেশন।
এর আগে লস অ্যাঞ্জেলেসে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ইরান। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। সেই ম্যাচের আগে পর্যাপ্ত অনুশীলনের সময় না পাওয়ায় ইরানের কোচ আমির গ্যালেনোই ক্ষোভ প্রকাশ করে নিজের দলকে টুর্নামেন্টের ‘সবচেয়ে নিপীড়িত দল’ হিসেবে আখ্যায়িত করেন।
মধ্যপ্রাচ্যের রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা ইস্যুর কারণে ইরান দল তাদের বিশ্বকাপ বেস ক্যাম্প আমেরিকার অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর টিজুয়ানায় স্থানান্তর করতে বাধ্য হয়েছিল। গ্রুপ পর্বে ইরানের পরবর্তী ম্যাচ দুটি রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে। আগামী ২১ জুন লস অ্যাঞ্জেলেসে বেলজিয়াম এবং ২৭ জুন সিয়াটেলে মিসরের মুখোমুখি হবে তারা।
বেলজিয়াম ম্যাচের আগে অন্তত দুই দিন আগে ভেন্যুতে পৌঁছানোর আবেদন করেছিল ইরান, কিন্তু মার্কিন প্রশাসন তা নাকচ করে দেয়। হোয়াইট হাউজ ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিউলিয়ানি সিবিএস নিউজকে জানান, ইরান দল আগে থেকেই এই পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল। নিয়ম অনুযায়ী, ম্যাচের আগের দিন (ম্যাচ ডে মাইনাস ওয়ান) তারা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে এবং খেলা শেষ হওয়ার রাতেই তাদের ফিরে যেতে হবে।
ইরান ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, এমন ভ্রমণ নিষেধাজ্ঞা টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার ফিফা নীতির পরিপন্থি। তারা এই অন্যায়ের বিরুদ্ধে ফিফার কাছে অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে তাদের তীব্র অসন্তোষ ও আনুষ্ঠানিক অভিযোগ জমা দিচ্ছে।

স্পোর্টস ডেস্ক