স্কটল্যান্ড ম্যাচের আগে নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের তিন খেলোয়াড়!
বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। ৩-০ গোলের বড় জয় তুলে নিয়েছে। এখন গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে না হারলেই গ্রুপের সেরা দুই দলের মধ্যে থেকেই পরের রাউন্ডে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে গ্রুপ সেরা হতে হলে শেষ ম্যাচে স্কটিশদের হারাতে হবে সেলেসাওদের।
আগামী ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর আগে অবশ্য চিন্তার ভাঁজ সেলেসাও শিবিরে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকায় মাঠের লড়াইয়ের পাশাপাশি কার্ডের হিসাব নিয়েও সতর্ক থাকতে হচ্ছে সেলেসাওদের।
মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচ এবং হাইতির বিপক্ষে জয়ী ম্যাচে ব্রাজিলের রক্ষণভাগ ও মাঝমাঠের তিন খেলোয়াড়—ইবানেজ, ক্যাসেমিরো এবং ডগলাস সান্তোস— একটি করে হলুদ কার্ড দেখেছেন। নিয়ম অনুযায়ী, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাদের কেউ যদি আবারও হলুদ কার্ড দেখেন, তবে পরবর্তী অর্থাৎ নকআউট পর্বের প্রথম ম্যাচে নিষিদ্ধ হবেন তারা।
বিশ্বকাপের এবারের আসরে হলুদ কার্ড সংক্রান্ত নিয়মে কিছু পরিবর্তন এনেছে ফিফা। নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্ব শেষ করে নকআউট পর্বে যাওয়ার সময় খেলোয়াড়দের আগের জমে থাকা কার্ডগুলো বাতিল হয়ে যাবে। একইভাবে কোয়ার্টার ফাইনাল শুরু হওয়ার আগেও কার্ডের হিসাব নতুন করে শুরু হয়। তবে গ্রুপের শেষ ম্যাচে কারো দ্বিতীয় হলুদ কার্ড জুটলে, তাকে নিয়ম অনুযায়ী পরের ম্যাচে মাঠের বাইরে থাকতেই হবে।

স্পোর্টস ডেস্ক