বিশ্বকাপে ১৫টি সেভের পর কুরাসাও গোলরক্ষকের চাওয়া
জার্মানির বিপক্ষে এক হালি গোল হজম করলেও মনোবল হারাননি কুরাসাওয়ের গোলরক্ষক এলয় রুম। বরং পরের ম্যাচেই ইকুয়েডরের বিপক্ষে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে গড়ে ফেললেন নতুন বিশ্ব রেকর্ড।
নির্ধারিত ৯০ মিনিটে প্রতিপক্ষের ১৫টি লক্ষ্যে নেওয়া শট ঠেকিয়ে বিশ্বকাপ ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ড গড়লেন ৩৭ বছর বয়সী এই গোলরক্ষক।
কানসাস সিটির এই ম্যাচে ইতিহাস গড়েছে মাত্র ১ লাখ ৫৮ হাজার মানুষের ছোট দেশ কুরাসাও। ১৯৬৬ সাল থেকে টিকে থাকা রেকর্ড ভেঙে এলয় রুম এখন আলোচনায়।
তার এই বীরত্বপূর্ণ পারফরম্যান্সে কুরাসাও পয়েন্ট পেয়েছে, যা দেশটির ফুটবল ইতিহাসে নতুন মাইলফলক। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আইভরি কোস্টের বিপক্ষে জিতলেই এখন নকআউট পর্বে ওঠার স্বপ্ন দেখছে দলটি।
এমন অর্জনে দারুণ আবেগপ্রবণ এলয় রুম। নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ‘এটি অবিশ্বাস্য এক অনুভূতি। আমাদের প্রথম বিশ্বকাপ পয়েন্ট এটি, যা অনেক বড় বিষয়। মনে হচ্ছে আমরা ম্যাচটা জিতেই গেছি। আমাদের যেখান থেকে শুরু এবং এখন যেখানে পৌঁছেছি, তা ভাবলে গর্বে বুক ভরে যায়। আমরা প্রমাণ করেছি আমাদের সিংহের মতো হৃদয় আছে।’
রুম আরও যোগ করেন, ‘প্রথম সেভটি হওয়ার পর থেকেই নিজের ওপর আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। জানতাম পুরো ম্যাচেই আমাকে ব্যস্ত থাকতে হবে। তবে একটা আক্ষেপ থেকে যাচ্ছে, আমরা জেতার মতো গোল করতে পারিনি। আমি নিশ্চিত, ৪০ বছর বয়সেও এই দিনটির কথা আমার মনে থাকবে। এখন তো মনে হচ্ছে কুরাসাওয়ে আমার একটা মূর্তি বানিয়ে দেওয়া উচিত!’
নিজের অর্জনে উচ্ছ্বসিত এই গোলরক্ষক এখন পুরো কুরাসাওবাসীর নায়ক। মাঠে দাঁড়িয়ে যেভাবে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন, তা ফুটবল ভক্তদের কাছে দীর্ঘকাল স্মরণে থাকার মতো।

স্পোর্টস ডেস্ক