মিসরকে রুখে দিয়ে বিরতিতে নিউজিল্যান্ড
বল দখলের লড়াইয়ে মিসর এগিয়ে থাকলেও আক্রমণে সমান তালে পাল্লা দিল নিউজিল্যান্ড। সুযোগ কাজে লাগিয়ে শুরুতেই এগিয়ে গেল তারা। সেই লিড ধরে রেখেই ইতিহাস গড়ার আশা জাগিয়ে বিরতিতে গেল তাসমান পাড়ের দেশটি।
আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় ‘জি’ গ্রুপের ম্যাচে কানাডার ভ্যাঙ্কুভারে মুখোমুখি হয়েছে মিসর আর নিউজিল্যান্ড। প্রথমার্ধ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।
পুরো ম্যাচে ৫৭ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ৬টি শট নিয়েছে মিসর। যার মধ্যে লক্ষ্যে ছিল মোটে একটি। বিপরীতে, ৪৩ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ৭টি শট নিয়েছে নিউজিল্যান্ড। যার মধ্যে লক্ষ্যে ছিল ৩টি।
আক্রমণ-প্রতিআক্রমণে শুরু থেকেই জমে ওঠে ম্যাচ। তবে সুযোগ কাজে লাগিয়ে শুরুতেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। ম্যাচের ১৫তম মিনিটে দলকে লিড এনে দেন ফিন সুরমান।
ম্যাচের ১৪তম মিনিটেই দারুণ একটি শট নিয়েছিলেন এলিজা জাস্ট। কর্ণারের বিনিয়ময়ে সেটি আটকান মিসরের গোলরক্ষক মোস্তফা আহমেদ শোবিইর। সেটিই নিউজিল্যান্ডের ভাগ্য খুলে দেয়। টিম পেইনের নেওয়া কর্ণার থেকে উড়ে আসা বল লাফিয়ে ওঠে জালে জড়ান সুরমান।
এরপর প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই চেষ্টা করেছে গোলের জন্য কিন্তু সফল হতে পারেনি কেউই। দুই দলই সুযোগ নষ্ট করেছে দুর্বল ফিনিশিংয়ের কারণে। ফলে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় নিউজিল্যান্ড।

স্পোর্টস ডেস্ক