রোনালদোকে নিয়েই মাঠে নামছে পর্তুগাল, কেমন হলো একাদশ?
প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। সে ম্যাচে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদোও। পুরো ম্যাচে অনেকটা বোতলবন্দি হয়েছিলেন তিনি। এরপরই দ্বিতীয় ম্যাচের শুরুর একাদশে তার জায়গা নিয়ে শুরু হয় আলোচনা।
অনেক ফুটবল বিশ্লেষক মনে করেছিলেন, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হয়তো বেঞ্চে বসতে হতে পারে পর্তুগিজ মহাতারকাকে। তবে সেই সম্ভাবনায় পানি ঢেলে রোনালদোকে রেখেই একাদশ সাজিয়েছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। প্রথম ম্যাচের একাদশ থেকে কোনো পরিবর্তন আনেননি কোচ।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সময় রাত ১১ টায় উজবেকিস্তানের মুখোমুখি হচ্ছে পর্তুগাল।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোর গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে মার্তিনেস বলেছিলেন, ‘আমরা এমন একটি দল, যারা বলের দখল ধরে রাখতে পছন্দ করি। রক্ষণ সামলে দ্রুত প্রতিক্রিয়া দেখাই এবং প্রতি-আক্রমণে যেতে চাই। এজন্য এমন একজন খেলোয়াড় প্রয়োজন, যার মুভমেন্ট প্রতিপক্ষের রক্ষণে জায়গা তৈরি করবে। ক্রিস্টিয়ানো এই কাজের জন্য সেরাদের একজন।’
শুধু মাঠের পারফরম্যান্স নয়, দলের ভেতরে রোনালদোর প্রভাবের কথাও তুলে ধরেন পর্তুগাল কোচ। তার ভাষ্য, ‘সে এমন একজন খেলোয়াড়, যে দীর্ঘ সময় ধরে দেশের হয়ে খেলছে এবং যার হয়ে কথা বলা যায়। সে প্রতিনিয়ত নিজেকে উন্নত করার চেষ্টা করে। দলের জন্য সত্যিকার অর্থেই সে একজন রোল মডেল।’
উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের একাদশ
ডিয়োগো কস্তা, জোয়াও ক্যানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, ক্রিস্টিয়ানো রোনালদো, জোয়াও ফেলিক্স ও পেদ্রো নেতো।

স্পোর্টস ডেস্ক