বিশ্ব চ্যাম্পিয়দের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প
এবারের বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু বিশেষ দর্শক হিসেবেই নয়, চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফিও তুলে দেবেন তিনি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন বিষয়টি।
আগামী ১৯ জুলাই নিউ জার্সিতে গড়াবে বিশ্বকাপ ফাইনাল। ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে যৌথভাবে ট্রফি তুলে দেবেন ট্রাম্প ও ইনফান্তিনো। সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে এককভাবে ট্রফি প্রদান করেছিলেন ফিফা সভাপতি। এবার সেই প্রথায় পরিবর্তন আসছে।
মার্কিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইনফান্তিনো বলেন, ‘আমরা একসঙ্গে ফাইনাল উপভোগ করব এবং একসঙ্গেই বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেব।’
সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে ফিফা সভাপতিরা ট্রফি তুলে দিলেও রাষ্ট্রপ্রধানরা এবারই প্রথম নন। অতীতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এই দায়িত্ব পালন করেছেন।
১৯৮২ বিশ্বকাপে ইতালির অধিনায়ক দিনো জফের হাতে ট্রফি তুলে দিয়েছিলেন স্পেনের রাজা হুয়ান কার্লোস। আর ১৯৬৬ সালে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ববি মুরের হাতে ট্রফি তুলে দেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

স্পোর্টস ডেস্ক