গোল উৎসব করছে ফ্রান্স, আধা ঘণ্টায়ই দেম্বেলের হ্যাটট্রিক
সবাই অপেক্ষা করছিল কিলিয়ান এমবাপ্পে আর আর্লিং হলান্ডের দ্বৈরথ দেখার। তবে প্রথমার্ধে সেটি সম্ভব হয়নি। দলের সেরা দুই তারকাকে ছাড়াই একাদশ সাজিয়েছেন নরওয়ের কোচ। সেই ফলাফলটাও বোধ হয় শুরুতেই পেলেন তিনি। আধা ঘণ্টার মধ্যেই নরওয়ের রক্ষণ ভেঙে হ্যাটট্রিক তুলে নিয়েছেন ওসমান দেম্বেলে। যদিও একটি পরিশোধ করেছে তারা।
আজ শুক্রবার (২৬ জুন) বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় ‘আই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে ফ্রান্স আর নরওয়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত ২-১ গোলে এগিয়ে আছে ফ্রান্স।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ফ্রান্স। পঞ্চম মিনিটেই গোলের কাছাকাছি চলে গিয়েছিল তারা। বক্সের মধ্যে কুন্দের কাট-ব্যাকটি ক্লিয়ার হলেও ফিরতি বল পেয়ে যান দারুণ শট নিয়েছিলেন কোনে, কিন্তু সেটি আটকে দেন গোলরক্ষক সেলভিক।
তবে তিন মিনিট পর আর ফ্রান্সকে আটকে রাখতে পারেনি নরওয়ে। ম্যাচের অষ্টম মিনিটেই ফরাসিদের লিড এনে দেন দেম্বেলে। মাঝ মাঠ থেকে বাড়ানো ক্রস থেকে বলে নিয়ন্ত্রণ নিয়ে ডি-বক্সের মধ্যে ঢুকে পড়েন তিনি। এরপর সামনে থাকা ডিফেন্ডারকে বোকা বানিয়ে বুলেট গতির শট নেন দূরের পোস্টে। এবার গোলরক্ষকের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না।
গোল পেয়ে যেনো আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফ্রান্স। পরের ১৫ মিনিটে নরওয়ের রক্ষণে আরও অন্তত ৫টি আক্রমণ হানে ফ্রান্স। সেই চাপ তৈরি করে দ্বিতীয় গোলও আদায় করে নেয় ফরাসিরা। নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান দেম্বেলে।
ম্যাচের ২০তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে দ্বিতীয় গোল করেন দেম্বেলে। পরের মিনিটেই অবশ্য কাউন্টার অ্যাটাক থেকে একটি গোল পরিশোধ করে নরওয়ে। এই গোলটি করেন থেলো ওসগার্ড।
এক গোল পরিশোধ করে ম্যাচে ফেরার যে স্বপ্ন দেখছিল নরওয়ে, ১০ মিনিট পরই সেই স্বপ্ন ভেঙে দেন দেম্বেলে। ম্যাচের ৩২তম মিনিটে অরেলিয়াঁ চুয়ামেনির পাস থেকে বল পেয়ে হ্যাটট্রিক পূরণ করে নেন দেম্বেলে।

স্পোর্টস ডেস্ক