জর্ডান ম্যাচে মেসিকে নিয়ে পরিকল্পনা জানালেন স্কালোনি
বিশ্বকাপের গ্রুপ পর্বে দুই ম্যাচেই আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। তবে জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে মেসিকে নিয়ে আলাদা পরিকল্পনার কথা জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, শুরু থেকে মাঠে দেখা যাবে না আর্জেন্টাইন অধিনায়ককে। শনিবারের ম্যাচে তাকে বেঞ্চে রেখেই একাদশ সাজাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের একটা পর্যায়ে তাকে বদলি হিসেবে মাঠে নামানো হবে। প্রথম একাদশ ম্যাচের দিনই জানিয়ে দেওয়া হবে।
আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে ইতোমধ্যেই ‘জে’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নকআউট পর্বের আগে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের সতেজ রাখতেই মেসিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোচিং স্টাফ।
তবে স্কালোনি পরিষ্কার করেছেন, এই সিদ্ধান্ত সম্ভাব্য প্রতিপক্ষকে এড়ানোর কৌশল নয়। তার ভাষায়, আমরা কোনো প্রতিপক্ষ বেছে নিতে চাই না। আমাদের লক্ষ্য প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা খেলতে নামা।
এবারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ৩৯ বছর বয়সী মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার জালেও করেছেন জোড়া গোল। প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে তিনি পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ১৮ গোলের নতুন রেকর্ড গড়েছেন। একই সঙ্গে গোল্ডেন বুটের দৌড়েও সবার ওপরে আছেন ইন্টার মায়ামির এই তারকা।
জর্ডান ম্যাচ শেষে শেষ ৩২-এর লড়াইয়ের জন্য মিয়ামিতে যাবে আর্জেন্টিনা। সেখানে ‘এইচ’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৪ জুলাই ভোর ৪টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-কেপ ভার্দে।

স্পোর্টস ডেস্ক