দুই সেশনেই জিম্বাবুয়ের বিপক্ষে অলআউট বাংলাদেশ
ম্যাচ শুরুর আগে আত্মবিশ্বাসী শোনাচ্ছিল বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের সাম্প্রতিক ফর্মও অবশ্য পক্ষে ছিল। কিন্তু, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে কাজে দেয়নি সেসব। বরং লজ্জায় পড়তে হয়েছে বাংলাদেশকে। একমাত্র টেস্টে আজ রোববার (২৮ জুন) প্রথম দিনে হারারে স্পোর্টস ক্লাবে ব্যাট হাতে মুখ থুবড়ে পড়েছে সফরকারীরা।
দুই সেশনও পার করতে পারেনি বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংস শেষ হয়েছে ৪৭.২ ওভারে, ১৪০ রানে অলআউট হয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষেও কাটেনি ওপেনিংয়ের ব্যর্থতা। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ৬ রানে জিম্বাবুয়েকে প্রথম উইকেট এনে দেন নিউম্যান নিয়ামুরি। আরেক ওপেনার সাদমান ইসলামও ফেরেন ২০ রান করে। তাকে ফেরান ব্র্যাড ইভানস। ৩৬ রানে পতন ঘটে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের।
সেখান থেকে হাল ধরার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটিতে ধাক্কা সামাল দেয় বাংলাদেশ। মুমিনুল আবারও আটকা পড়েন ফিফটির ঘরে। যদিও, স্রোতের বিপরীতে একমাত্র তিনিই রান পেয়েছেন। ১২ চারে ৬০ রান করা মুমিনুলকে ফেরান নিয়ামুরি। শান্ত ফেরেন ১৯ রান করে।
এরপর থেকে শুরু হয় আসা-যাওয়ার মিছিল। ২১ রানে শেষ ৭ উইকেট হারায় বাংলাদেশ। অভিজ্ঞ মুশফিকুর রহিম ফেরেন ৯ রান করে, রিচার্ড এনগারাভার বলে বোল্ড হয়ে। দুই অভিষিক্ত তাওহিদ হৃদয় কিংবা অমিত হাসানও পারেননি হাল ধরতে। হৃদয় ৩, অমিত ৪ রানে সাজঘরে ফেরেন। তাইজুল ইসলাম বিদায় নেন ৯ রানে। শেষের তিন ব্যাটারের কেউই খুলতে পারেননি রানের খাতা। তাতে, চূড়ান্ত লজ্জায় পড়ে বাংলাদেশ।
জিম্বাবুয়ের পক্ষে নিয়ামুরি ৬১ রানে ৪ উইকেট নেন। দুটি করে উইকেট পান রিচার্ড এনগারাভা, ব্র্যাড ইভান্স ও ব্লেসিং মুজারাবানি।

স্পোর্টস ডেস্ক