সমালোচকদের মুখ বন্ধ করবেন নেইমার, বিশ্বাস রোনালদোর
বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিল মাঠে নামার আগে আলোচনায় আছেন নেইমার। স্কটল্যান্ডের সঙ্গে শেষদিকে নেমে দারুণ খেলেছেন তিনি। তিন বছর পর জাতীয় দলে ফিরলেও দেখা গেছে পুরোনো সেই ছন্দ। তাকে নিয়ে আজ রাতে আশাবাদী ভক্তরা।
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও আরেক কাঠি এগিয়ে। তার মতে, সময় এসেছে নেইমারের সমালোচকদের মুখ বন্ধ করার। তিনি চান এই বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে নেইমার তাদের মুখ বন্ধ করে দিক, যারা তার সমালোচনা করে।
ফরাসি সংবাদপত্র ‘এল ইকুইপে’কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘যারা নেইমারকে বিশ্বাস করেনি, তাদের সবার মুখ বন্ধ করে দেওয়ার একটা দারুণ সুযোগ রয়েছে নেইমারের সামনে। ২০০২ সালে আমিও এমন একটা প্রত্যাবর্তন পর্বের মধ্য দিয়ে গিয়েছিলাম, তাই আমি পুরোপুরি নেইমারের পক্ষে আছি।’
‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২- এর টিকিট কেটেছে ব্রাজিল। সেই লড়াইয়ে তাদের প্রতিপক্ষ জাপান৷ আজ সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
নেইমারকে নামানো প্রসঙ্গে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘গত এক সপ্তাহে তার উন্নতি বেশ তাৎপর্যপূর্ণ। আগের ম্যাচে সে ১৫ মিনিটের বেশি খেলতে পারেনি। এখন আরও বেশি সময় মাঠে থাকার মতো যথেষ্ট ভালো অবস্থায় আছে নেইমার।’

স্পোর্টস ডেস্ক