জিম্বাবুয়ের রান পাহাড়ে চাপা পড়ল বাংলাদেশ
হারারে টেস্টে বাংলাদেশকে রান পাহাড়ে ফেলেছে জিম্বাবুয়ে। আজ সোমবার (২৯ জুন) একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে আধিপত্য রেখে খেলেছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশকে একপ্রকার ছিটকে ফেলেছে তারা। ১০৭.২ ওভারে ৪১০ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। লিড নিয়েছে ২৭০ রানের।
জিম্বাবুয়ের রান পাহাড়ের আগে প্রথম ইনিংসে গতকাল বাংলাদেশ অলআউট হয়েছিল ৪৭.২ ওভারে, মাত্র ১৪০ রানে।
৩৪ ওভারে ১ উইকেটে ১৩৬ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। দিনের প্রথম সেশনে বাংলাদেশের বোলারদের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় জিম্বাবুয়ে। দিনের শুরুতে খালেদ আহমেদ একটি উইকেট এনে দিলেও এরপর আর খুব একটা প্রতিরোধ গড়তে পারেনি টাইগার বোলাররা। মধ্যাহ্নভোজ বিরতির আগে দুই উইকেটে ২৪৯ রান তোলে জিম্বাবুয়ে। ওপেনার ইনোসেন্ট কাইয়া তুলে নেন নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি।
দ্বিতীয় সেশনের শুরুতে আঘাত হানে তাইজুল ইসলাম। ব্রায়ান বেনেটকে ফেরানোর পর সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়াকেও দ্রুতই বিদায় করেন। ২২৭ বলে ১৪০ রান করে দলকে দারুণ অবস্থানে রেখে যান কাইয়া। এরপর রান আউটে তাফাদজওয়া টিসিগাকে হারায় জিম্বাবুয়ে। তাতে মাধেভেরে এবং আরভিনের ব্যাটে ৩৫০ রানের সংগ্রহ নিয়ে চা বিরতিতে যায় তারা।
শেষ ইনিংসে জিম্বাবুয়েকে আরও চেপে ধরে বাংলাদেশ। তাইজুলের স্পিন ভেলকিতে আটকা পড়ে স্বাগতিকরা। যদিও ওয়েসলি মাধেভেরে এবং ক্রেইগ আরভিনের ফিফটিতে দলীয় সংগ্রহ ৪০০ পার করে জিম্বাবুয়ে। আরভিন ৬০ রানে আউট হলেও ৭৭ রানে অপরাজিত ছিলেন মাধেভেরে। শেষ পর্যন্ত সব উইকেট হারিয়ে ৪১০ রানে থামে জিম্বাবুয়ে।
বাংলাদেশের হয়ে একাই ৭ উইকেট নেন তাইজুল ইসলাম। খালেদ পান দুই উইকেট।

স্পোর্টস ডেস্ক