শোক, গোল এবং বিদায়!
ডাচ তারকা কোডি গাকপো বর্তমান ফুটবলের অন্যতম নির্ভরযোগ্য ফরোয়ার্ড। ক্লাব ফুটবলে লিভারপুল এফসির হয়ে ধারাবাহিক পারফরম্যান্স আর জাতীয় দল নেদারল্যান্ডস জাতীয় দলের আক্রমণের প্রধান ভরসা হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। চলমান বিশ্বকাপের গ্রুপ পর্বেই দুই গোল করে দলকে শীর্ষে তুলতে বড় ভূমিকা রাখেন গাকপো।
কিন্তু মাঠের এই সাফল্যের আড়ালেই ছিল ব্যক্তিগত জীবনের গভীর শোক। বিশ্বকাপ চলার সময়েই নিজের অনাগত সন্তানকে হারান গাকপো ও তার সঙ্গী। সেই বেদনাই যেন ছাপ ফেলেছিল তার চোখে-মুখে, কিন্তু থেমে থাকেননি তিনি।
এই শোক নিয়েই মাঠে নামেন গাকপো। নকআউট পর্বে গোল করার পর কান্নায় ভেঙে পড়েন তিনি। এরপর আকাশের দিকে তাকিয়ে উদযাপন, যেন হারানো সন্তানের প্রতিই এক নীরব শ্রদ্ধা। মুহূর্তটি ছুঁয়ে যায় পুরো ফুটবল বিশ্বকে, সতীর্থরাও পাশে এসে দাঁড়ান তাকে ঘিরে।
তবে সেই আবেগঘন গোল শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি নেদারল্যান্ডসকে। নির্ধারিত সময়ের নাটকীয়তার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ডাচদের।
এদিকে ইতালিয়ান খ্যাতনামা সাংবাদিক ফাব্রিজিও রোমানো সামাজিক মাধ্যমে গাকপোকে নিয়ে লেখেন, ‘কোডি গাকপো… কান্না, তারপর আকাশের দিকে ইঙ্গিত… এই অর্জন তোমার প্রাপ্য। তুমি, তোমার স্ত্রী, তোমার পরিবার, সবার জন্য ভালোবাসা রইল।’
শোকের মাঝেও গোল, আর সেই গোলের পর বিদায়, গাকপোর এই গল্প শুধু ফুটবলের নয়, এক গভীর মানবিক আবেগের প্রতিচ্ছবি।

স্পোর্টস ডেস্ক