নরওয়ে ম্যাচের আগে দুঃসংবাদ পেল ব্রাজিল
জাপানকে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ব্রাজিল। পিছিয়ে পড়েও এশিয়ান পরাশক্তিদের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জয়ের আনন্দের মাঝেই অবশ্য দুশ্চিন্তা ভর করেছিল সেলেসাওদের।
জাপানের বিপক্ষে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন অ্যাটাকিং মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। শঙ্কা চেপে বসেছিল শেষ ষোলোর ম্যাচে তাকে পাওয়া নিয়ে। এবার সেই শঙ্কায়ই সত্য হলো। চোটের কারণে নরওয়ের বিপক্ষে খেলতে পারছেন না তিনি।
মঙ্গলবার পাকুয়েতার চোট আক্রান্ত জায়গার স্ক্যান করা হয়। রিপোর্টে তার বাঁ ঊরুর পেছনের পেশিতে চোট ধরা পড়েছে। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
তবে তিনি ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন, তা এখনো স্পষ্ট করেনি ব্রাজিলের মেডিকেল টিম। আপাতত জাতীয় দলের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার, যাতে দ্রুত সময়ের মধ্যে মাঠে ফিরতে পারেন এই তারকা।
জাপানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধ শেষেই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় পাকেতাকে। মাঠ ছাড়ার সময় ব্যথায় তাকে বেশ কাতর দেখাচ্ছিল, সেই মুহূর্তে নেইমার ও এন্দ্রিক তাকে সান্ত্বনা জানান। দ্বিতীয়ার্ধে তার পরিবর্তে মাঠে নামেন এন্দ্রিক।
বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচেই তিনি শুরু থেকে একাদশে খেলেছেন, তাই তার ছিটকে পড়া কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।
এর আগে রাফিনিয়ার ইনজুরি নিয়ে চিন্তায় ছিল ব্রাজিল শিবির, এবার পাকুয়েতার চোট তাতে নতুন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় শেষ ষোলোর ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। যেখানে তাদের প্রতিপক্ষ ইউরোপের দেশ নরওয়ে।

স্পোর্টস ডেস্ক